সু.খবর ডেস্ক
অবশেষে জ্বালানি তেলের দাম কমনোর চূড়ান্ত সিদ্ধান্ত আসলো। এ দফায় দাম কমেছে অকটেন, পেট্রল, ডিজেল ও কেরোসিনের।
রবিবার সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অকটেন ও পেট্রলের দাম লিটারপ্রতি কমেছে ১০ টাকা। আর ডিজেল ও কেরোসিনের দাম কমেছে লিটারপ্রতি ৩ টাকা।
রবিবার রাত ১২টা থেকে নতুন মূল্য কার্যকর হবে। সে হিসেবে ১০ টাকা কমে অকটেন ৮৯ টাকা আর পেট্রল ৮৬ টাকায় বিক্রি হবে। আর ৩ টাকা কমে কেরোসিন ও ডিজেল বিক্রি হবে ৬৫ টাকায়।
প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে কয়েক দফায় জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছিল সরকার।
ইতিমধ্যে ফার্নেস অয়েলের দাম কমানো হয়েছে। প্রতি লিটারে ১৮ টাকা কমে ফার্নেস অয়েল বিক্রি হচ্ছে ৪২ টাকায়।
উল্লেখ্য, ২০১৩ সালে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয়ের সময় বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটার অকটেন ৯৯ টাকা, পেট্রোল ৯৬ টাকা, কেরোসিন ও ডিজেল ৬৮ টাকা নির্ধারণ করা হয়।
এরপর বিশ্ববাজারে জ্বালানি তেলের ব্যাপক দরপতনে সব মহল থেকে দাবি উঠলেও বাংলাদেশ সরকার জ্বালানি তেলের দাম কমাচ্ছিল না। সেজন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের এতদিনের ভর্তুকির লোকসান পুষিয়ে নেয়ার যুক্তি দেখানো হয়।