স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কাছে পেয়ে দলের তৃণমুলের নেতারা মনখুলে তাঁদের দীর্ঘদিনের ক্ষোভ, দুঃখ ও হতাশার কথা বলেছেন। রবিবার অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্য, অযোগ্য ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেওয়া, নৌকার ভরাডুবি, দলীয় প্রার্থীর বিপরীতে বিদ্রোহী প্রার্থী দাঁড় করানো, সাংসদদের সঙ্গে দলীয় নেতাদের দূরত্ব-কোন্দল, জামায়াত-বিএনপির লোকজনকে দলে বেড়ানো, দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন না করা-এমন অনেক অভিযোগ কেন্দ্রীয় নেতাদের জানান তৃণমূলের নেতারা।
জবাবে কেন্দ্রীয় নেতারা বলেছেন, তৃণমূলের নেতা-কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। তাঁরা দলকে শক্তিশালী করেছেন। পঁচাত্তরের পর যখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছিল তখন তৃণমূলের নেতাকর্মীই আওয়ামী লীগকে রক্ষা করেছেন। তাই মাঠের নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে।
সুনামগঞ্জ পৌর শহরের হাসন রাজা মিলনায়তনে সকাল ১১টায় প্রতিনিধি সভা শুরু হয়। এতে জেলার ১২টি উপজেলা, চারটি পৌরসভা এবং ৮৮টি ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিকেল সাড়ে চারটা পর্যন্ত একটানা সভা চলে। প্রথমেই ইউিনয়ন ও উপজেলা পর্যায়ের নেতাদের বক্তব্য শুনেন কেন্দ্রীয় নেতারা।
সভায় সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া নিয়ে অনেক বক্তা ক্ষোভ প্রকাশ করেন। তৃণমূলের মতামতকে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মূল্যায়ন করেননি বলে অভিযোগ করা হয়। যে কারণে অনেক জনপ্রিয় নেতারা মনোনয়ন পাননি। এতে নৌকার ভরাডুবি হয়েছে।