জগন্নাথপুর অফিস
জেলার প্রবাসী অধ্যুষিত উপজেলা জগন্নাথপুরে দলীয় মনোনয়ন আদায় করতেও টাকা ছড়ানোর অভিযোগ উঠেছে। উপজেলার ৭ ইউনিয়নে চতুর্থ দফায় আগামী ৭ মে নির্বাচন। বেশিরভাগ সম্ভাব্য প্রার্থীই প্রবাসী হওয়ায় মনোনয়ন আদায়ের জন্য যে যেভাবে পারছেন টাকা খরচ করছেন। ইউনিয়নগুলোর আওয়ামী লীগ ও বিএনপি’র দলীয় প্রার্থী চূড়ান্ত হবে এই সপ্তাহের মধ্যেই। এই উপজেলায় নির্বাচন হলেই টাকা ছড়াছড়ি’র অভিযোগ উঠে। এবার এই উপজেলায় ভোটের প্রচারণা শুরুর আগেই বাতাসে টাকা উড়ছে বলেও মন্তব্য করছেন স্থানীয় রাজনৈতিক কর্মীরা ।
জগন্নাথপুর উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ৭ ইউনিয়নে এবার নির্বাচন হচ্ছে। উচ্চ আদালতে মামলা জনিত কারণে মিরপুর ইউনিয়নের নির্বাচনের স্থগিত হয়েছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে লন্ডন বা আমেরিকা প্রবাসীদের মধ্যে কেউ দেশে এসেছেন, কেউ বা না এসেই দলীয় মনোনয়ন বিশেষ করে আওয়ামী লীগ বা বিএনপির মনোনয়ন চূড়ান্ত করে দেশে ফিরবেন বলে সমর্থকদের জানাচ্ছেন।
প্রবাসী সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এবার হলদিপুর ইউনিয়নের লন্ডন প্রবাসী বর্তমান চেয়ারম্যান আরশ মিয়া, লন্ডন প্রবাসী জিল্লুর রশিদ লীল ও আব্দুল মোমেন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টায় রয়েছেন। এই ইউনিয়নে বিএনপি’র মনোনয়ন আদায়ের চেষ্টা করছেন লন্ডন প্রবাসী মুজিবুর রহমান ও লন্ডন প্রবাসী আব্দুর রব।
রানীগঞ্জ ইউনিয়নে আমেরিকা প্রবাসী আব্দুল
হাফিজ, লন্ডন প্রবাসী বর্তমান চেয়ারম্যান মজলুল হক আওয়ামী লীগের মনোনয়ন আদায়ের চেষ্টায় রয়েছেন।
পাইলগাঁও ইউনিয়নে লন্ডন প্রবাসী মঞ্জুর আলী আফজাল আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন।
আশারকান্দি ইউনিয়নে লন্ডন প্রবাসী আব্দুল আহাদ মদরিছ ও আমেরিকা প্রবাসী শাহ্ আবু ইমানী আওয়ামী লীগের মনোনয়ন আদায়ের চেষ্টা করছেন।
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে লন্ডন প্রবাসী বর্তমান চেয়ারম্যান মো. আবুল হাসান ও লন্ডন প্রবাসী তৈয়ব কামালী আওয়ামী লীগের মনোনয়ন আদায়ের চেষ্টায় রয়েছেন।
পাটলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান লন্ডন প্রবাসী সিরাজুল হক আওয়ামী লীগের মনোনয়ন লাভের চেষ্টা করছেন। এই ইউনিয়নে বিএনপির মনোনয়ন পাওয়ার চেষ্টায় আছেন লন্ডন প্রবাসী রফু মিয়া ও লন্ডন প্রবাসী হারুন মিয়া।
কলকলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন লন্ডন প্রবাসী আব্দুল হাসিম। এই ইউনিয়নে লন্ডন প্রবাসী রফিক মিয়া বিএনপির মনোনয়ন পাওয়ার চেষ্টায় রয়েছেন।
প্রবাসী এসব সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ বেশিরভাগ সময় দেশে থেকে সামাজিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকেন। আবার কেউ কেউ কেবল নির্বাচন হলেই দেশে আসেন। নির্বাচিত হলে কয়েকদিন দেশে থাকেন, পরে ভারপ্রাপ্ত দিয়েই কাজকর্ম চলে।
প্রবাসী প্রার্থীদের টাকার ছড়াছড়িতে ইউনিয়নগুলোয় সারা বছর রাজনৈতিক কার্যক্রমে লেগে থাকেন যারা, তাদের অনেকেই কোনঠাসা হয়ে পড়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ সাব্বির আহমদ বলেন,‘সৈয়দপুর-শাহাড়পাড়া ইউনিয়নের তৃণমূল থেকে আমার নাম উপজেলায় প্রস্তাব আকারে পাঠানো হয়েছে। কিন্তু উপজেলা থেকে শুনেছি লন্ডন প্রবাসী এমন একজনের নামও জেলায় পঠানো হচ্ছে, যাকে কোনদিন আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে দেখিনি’।
এই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি সদস্য বশর মিয়া বলেন,‘যারা দল করে তারা টাকার ছড়াছড়িতে চাপে পড়ে গেছে, মনোনয়ন পাবে কী-না এ নিয়ে শঙ্খায় পড়েছে, যারা টাকা খরচ করতে পারছে তাদের নাম বিভিন্নভাবে জেলায় – কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা হচ্ছে’।
উপজেলার পাইলগাঁও ইউনিয়নের একজন সম্ভাব্য প্রার্থী বলেছেন,‘তাকে জগন্নাথপুরের বাসিন্দা সুনামগঞ্জের একজন আইনজীবী পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন পেতে হলে ১০-১২ লাখ টাকা খরচ করতে হবে’। ঐ প্রার্থী জানান, কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের একজন প্রভাবশালী সদস্যের সঙ্গেও তাকে দেখা করিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ঐ আইনজীবী’।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেন,‘আমাদের সঙ্গে কোন প্রার্থী যোগাযোগই করছে না, আমরা ৭ ইউনিয়নে একাধিক প্রার্থীর নাম জেলা নেতাদের হাতে আজ (রোববার) তুলে দেব। তারা কেন্দ্রে যেভাবে ভাল বুঝবেন জমা দেবেন’।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন বলেন,‘জগন্নাথপুরের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বা মনোনয়ন প্রত্যাশীরা টাকা পয়সা খরচ করছেন বলে শুনা যায়, সকলকেই মনে রাখতে হবে প্রার্থী মনোনয়ন হবে যোগ্যতার ভিত্তিতে এবং নৈতিকতার স্কলন ঘটবে না সুনামগঞ্জের আওয়ামী লীগের কোন স্তরেই’।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন,‘২৯ মার্চে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড জগন্নাথপুর আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করার জন্য বৈঠকে বসবে। আজকের (সোমবারের) মধ্যেই জগন্নাথপুরের প্রত্যেক ইউনিয়নের প্রার্থী চূড়ান্ত করে কেন্দ্রে জমা দিতে হবে। কিন্তু জগন্নাথপুর উপজেলা কমিটি এখনো প্রার্থী তালিকা জমা দেয়নি। তারা তালিকা জমা না দিলেও আজ (সোমবার) আমরা সভাপতি ও সাধারণ সম্পাদক বসে তালিকা করে কেন্দ্রে জমা দিতে হবে। কোথাও কেউ টাকা-পয়সা দিয়েছেন শুনলে তাকে মনোনয়ন দেবার বিষয়টি বিবেচনায়ই আনা হবে না’।
সুনামগঞ্জ জেলা বিএনপির প্রথম সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেন,‘আমাদের অবস্থান পরিস্কার, মনোনয়ন পাওয়ার জন্য কেউ টাকা খরচ করেছেন শুনলে, আমরা তার বিপক্ষে অবস্থান নেব’।