- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মনোহরপুরে জলমহাল নিয়ে সংঘর্ষে নিহত ১ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মনহরপুর গ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহত ফখর উদ্দিন মনোহরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। সোমবার রাত পৌনে ১১ টার দিকে জলমহাল দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ সংঘর্ষে জড়িত সন্দেহে ৯জনকে আটক করেছিল । পরে ঘটনার মূল        
হোতা গ্রামের মসফর আলী (৬০), তার ছেলে সিদ্দিক আলী ও সাদক আলী (৩৮) কে গ্রেফতার করে পুলিশ। নিহতের বড় ভাই ফরিদ মিয়া বাদী হয়ে ২০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মনোহরপুর গ্রামের কাছের একটি জলমহালের দখল নিয়ে আব্দুস সোবহান ও মনফর মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্ব বিরোধের জের ধরে সোমবার রাতে দুই পক্ষ ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে জলমহাল দখল করতে যায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই সোবহানের পক্ষের ফখর উদ্দিন মারা যান।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাতেই এলাকায় অভিযান চালিয়ে ৮জনকে আটকের পাশাপাশি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন গ্রামের পরিস্তিতি শান্ত রয়েছে।

  • [১]