সু.খবর ডেস্ক
স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর সব ক্যাটাগরির মুক্তিযোদ্ধা চলমান যাচাই-বাছাই প্রক্রিয়ার আওতাবহির্ভূত থাকবেন। তবে কখনো যদি এই বাহিনীর অন্তর্গত মুক্তিযোদ্ধার ব্যাপারে মুক্তিযোদ্ধা কি না, এমন প্রশ্ন বা বিতর্ক সৃষ্টি হয়, তাহলে বিষয়টি যাচাই-বাছাই করে নিষ্পত্তি করা হবে। বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন প্রকাশ করে। প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ দীর্ঘ যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়ে থাকেন। গেজেটভুক্ত করার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণ নিশ্চিত হওয়া সাপেক্ষে সশস্ত্র বাহিনীর সদস্যদের মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করে থাকেন। এমতাবস্থায় সকল ক্যাটাগরির সশস্ত্র বাহিনীর মুক্তিযোদ্ধাগণ চলমান যাচাই-বাছাই প্রক্রিয়ার আওতাবহির্ভূত থাকবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, যদি কখনো কোনো সশস্ত্র বাহিনীর অন্তর্গত মুক্তিযোদ্ধার ব্যাপারে মুক্তিযোদ্ধা কি না, এরূপ প্রশ্ন বা বিতর্ক সৃষ্টি হয়, তাহলে বিষয়টি সংশ্লিষ্ট বাহিনীর কর্তৃপক্ষের প্রতিনিধি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধির মাধ্যমে যাচাই-বাছাই করে নিষ্পত্তি করা হবে।’