সু.খবর ডেস্ক
সরকারি কাজে স্বচ্ছতা, দায়বদ্ধতা বৃদ্ধি, সীমিত সম্পদের যথাযথ সদ্ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকার প্রবর্তিত কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সই হবে আজ বৃহস্পতিবার। বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই হবে। মূল অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে নয়টায়। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম। তিনি বলেন, ‘বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আগামী এক বছর মন্ত্রণালয় এবং বিভাগগুলো কী কাজ করবে সেই কাজের একটা অঙ্গিকারনামা সাক্ষরিত হবে। এটিতে সই করবেন মন্ত্রিপরিষদ সচিব এবং যে মন্ত্রণালয় বা বিভাগে যিনি দায়িত্বপ্রাপ্ত সচিব আছেন তিনি।’
জিয়াউল আলম বলেন, ‘যে ডকুমেন্ট তৈরি হয়েছে সইয়ের জন্য এটি তৈরি করতে আমাদের দীর্ঘ ছয় মাস কাজ করতে হয়েছে। বিশেষ করে এ ডকুমেন্টটি তৈরি করতে বিভিন্ন নীতিমালা প্রণয়ন এবং ডকুমেন্টটিকে একটি মানসম্পন্ন ডকুমেন্ট হিসেবে তৈরির জন্য আমরা দেশে-বিদেশে কিছু আন্তর্জাতিক সেমিনার আয়োজন করেছি। বিভাগ পর্যায়ে আমরা প্রশিক্ষণ দিয়েছি।’
সচিব বলেন, ‘১৪ দিনব্যাপী সভার মাধ্যমে ডকুমেন্টটির খসড়া চূড়ান্ত হয়। এটি টেকনিক্যাল কমিটি এবং জাতীয় কমিটি দেখেছেন। জাতীয় কমিটি দেখার পরে সংশিষ্ট মন্ত্রনালয়ের মন্ত্রীও এটি দেখেছেন। এরপর এটি সাক্ষরের জন্য সম্মতি দিয়েছেন। এই সম্মতির প্রেক্ষিতেই বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সামনে মূল্যবান এ ডকুমেন্টটি সই হবে।’
আগের বছরগুলোতে সাক্ষরিত চুক্তি বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, ‘আগে মূলত দুই বছরেরটা আমরা করতে পেরেছি। ২০১৬-১৭ কেবল শেষ হল। এর আগের দুই বছরের মূল্যায়ন হয়েছে। শুরুরটা মূল্যায়ন করার মত সুযোগ পাইনি। দ্বিতীয়টা আমরা মনোযোগ দিয়ে মূল্যায়ন করার চেষ্টা করেছি। বর্তমানটা আরও উন্নয়ন করার চেষ্টা করব।’