- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মরণফাঁদ মুক্তারপাড়া মধ্যবাজার সড়ক

সোহানুর রহমান সোহান
সুনামগঞ্জ পৌর এলাকার মুক্তারপাড়া-মধ্যবাজার সড়ক মরণফাঁদে পরিণত হয়েছে। একেই তো সরু সড়ক, তার উপর ঝুঁকিপূর্ণ মোড়ে ড্রেইনের স্ল্যাব ভেঙে ভয়ংকর রূপ নিয়েছে। রহমান মিলের পাশের সড়কের অংশটি ভেঙে যে কোনো সময় ড্রেইনের ভেতরে ঢুকে যাবে চলাচলকারি যানবাহন। এতে ঘটতে পারে প্রাণহানি। স্ল্যাব না থাকায় ড্রেইনের ভেতরের নোংরা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ আশপাশের বাসা-বাড়ির মানুষ। অবশ্য দ্রুত এই সমস্যার সমাধান মিলবে বলছে পৌর কর্তৃপক্ষ।
পৌর শহরের যে কোনো জায়গা থেকে মধ্যবাজার যেতে বা আসতে বাইপাস সড়ক হিসেবে এই সড়ক ব্যবহার করেন মানুষ। এছাড়াও মধ্যবাজার থেকে যে কোনো মালামাল পরিবহন করতেও এই সড়কের গুরুত্ব অনেক। সড়কের মাঝামাঝি ড্রেইনের স্ল্যাব ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এমনকি হেঁটে পথচলাও কঠিন হয়ে পড়েছে। ঘন্টায় ঘন্টায় ঘটে দুর্ঘটনা এমনটি জানিয়েছেন স্থানীয়রা। এমন অবস্থায় সড়কটি পড়ে আছে দীর্ঘদিন ধরে।
স্থানীয়রা বলেন, এখানে দশ মিনিট দাঁড়ালেই বুঝতে পারবেন সড়কটা কত ভয়ানক। আমরা দুর্ঘটনা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। পৌরসভাকেও অনেকদিন জানিয়েছি। কোনো কাজ হয়না। যারা সড়কে চলাচল করে তাদের সাথে আমরাও বিপদে। ড্রেন থেকে উঠে আসা দুর্গন্ধে টিকা দায়। দরজা-জানালা বন্ধ করে বসবাস করতে হচ্ছে।
ঠেলাগাড়ি চালক অনু বিশ্বাস বললেন, রড, সিমেন্ট, টিন, কাঠ ইত্যাদির জন্য প্রতিষ্ঠিত মধ্যবাজার। আমরা যারা এসব মালামাল পরিবহন করি তারা মূল সড়কে না গিয়ে মাল নিয়ে বাইপাস সড়ক হিসেবে এই সড়ক ব্যবহার করি। কিন্তু এখানে সড়ক ভেঙে ড্রেনে ভেতর চলে গেছে। হাঁটা-চলা যেখানে কঠিন, সেখানে মালামাল নিয়ে গেলে বিপদ হাতে নিয়ে যাওয়া।
সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল বললেন, বিষয়টি তারা ইতিমধ্যে জানেন। ড্রেইনের স্ল্যাব নির্মাণের কাজ চলছে। স্ল্যাব নির্মাণ হলেই বসানো হবে।

  • [১]