- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মরণোত্তর অনারারি সদস্য পদ পেলেন হাসান শাহরিয়ার

সু.খবর ডেস্ক
সাংবাদিকতা পেশায় অসামান্য অবদান রাখায় ছয় খ্যাতিমান সাংবাদিককে আজীবন সদস্য পদ দিয়েছে জাতীয় প্রেস ক্লাব। এ ছাড়া দু’জন সাংবাদিককে মরণোত্তর অনারারি সদস্য পদ দেওয়া হয়েছে। এ ছয় সাংবাদিক জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য।
গত শুক্রবার ক্লাবের অতিরিক্ত সাধারণ সভায় (ইজিএম) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। সভায় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাবেক সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, বর্ষীয়ান তিন সাংবাদিক আমান উল্লাহ, কামরুজ্জামান ও মৃণাল কৃষ্ণ রায়কে আজীবন সদস্য পদ দেওয়ার প্রস্তাব উত্থাপন করা হলে তা অনুমোদন করা হয়। ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এ সময় সাবেক দুই সাধারণ সম্পাদক সৈয়দ কামাল উদ্দিন এবং এএসএম হাবিবুল্লাহকে আজীবন সদস্য পদ দেওয়ার প্রস্তাব করলে তাও অনুমোদন করা হয়।
ক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ারকে মরণোত্তর অনারারি সদস্য পদ দেওয়ার প্রস্তাব করেন বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল। আরেকজন সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদকে মরণোত্তর অনারারি সদস্য পদ দেওয়ার প্রস্তাব করেন ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। এই দুই প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
উল্লেখ্য, ইতোপূর্বে হাসান শাহরিয়ার কে জাতীয় প্রেস কাউন্সিল সম্মাননা প্রদান করেছে। তিনি বাংলা একাডেমির ফেলো ছিলেন। গত বছরের ১০ এপ্রিল হাসান শাহরিয়ার ইন্তেকাল করেন। তিনি প্রখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক নেতা মকবুল হোসেন চৌধুরীর কনিষ্ট পুত্র এবং আইনজীবী ও কলামিষ্ট হোসেন তরফিক চৌধুরীর অনুজ।
অতিরিক্ত সাধারণ সভায় ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী নিজ নিজ রিপোর্ট ও যুগ্ম সম্পাদক মাঈনুল আলম ২০২০ সালের সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন করেন। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্টের ওপর আলোচনায় অংশ নেন ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়াসহ তরুণ তপন চক্রবর্তী, সৈয়দ শাহনেওয়াজ করিম, একেএম মহসীন, শাহীন উল ইসলাম চৌধুরী প্রমুখ। সভায় প্রেস ক্লাবের সামনে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনের নাম জাতীয় প্রেস ক্লাব স্টেশন করার দাবি জানান সদস্যরা।
সূত্র : সমকাল

  • [১]