স্টাফ রিপোর্টার
শান্তিরক্ষা মিশনে ২০১৫ সালে সর্বোচ্চ আত্মত্যাগ ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে চার বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের ‘ড্যাগ হ্যামারশল্ড’ পদকে ভূষিত করা হয়েছে। গত বৃহস্পতিবার ওই চার বাংলাদেশিসহ অন্যান্য দেশের মোট ১২৯ জনকে মরণোত্তর সম্মাননা জানায় জাতিসংঘ। খবর ইউএনবির।
চার বাংলাদেশি হলেন ল্যান্স কর্পোরাল নজরুল ইসলাম (মালি), সৈনিক নীলকান্ত হাজং (কঙ্গো), ল্যান্স কর্পোরাল মজিবুর রহমান (লাইবেরিয়া) ও উপ-পরিদর্শক মইনুল আহসান খান (দারফুর, সুদান)। গত বছরের বিভিন্ন সময় শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনরত অবস্থায় তাঁরা মৃত্যুবরণ করেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে মহাসচিব বান কি মুন পদকগুলো হস্তান্তর করেন। চার বাংলাদেশির পক্ষে পদকগুলো গ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।
ড্যাগ হ্যামারশল্ড জাতিসংঘের একটি মরণোত্তর সম্মাননা পদক। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে জীবন
উৎসর্গকারী সামরিক, পুলিশ ও বেসামরিক ব্যক্তিরা এ পদক পেয়ে থাকেন।
গত বছরের ২৫ মে আফ্রিকার মালির রাজধানী বামাকোয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বাংলাদেশী শান্তিরক্ষী নীলকন্ঠ হাজং। নীলকণ্ঠ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সীমান্ত এলাকার ঘিলাগড়া গ্রামের রিজেন্দ্র হাজং’এর ছেলে।