স্টাফ রিপোর্টার
শহরের হাজীপাড়া এলাকা থেকে (সার্কিট হাউসের সামনে) একটি মরা গরুসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা জানায় গরুটি শহরের পানসি রেস্টুরেন্টে নিয়ে আসার সময় সড়ক দুর্ঘটনায় মারা যায়। রবিবার রাত ১১ টায় এই ঘটনা ঘটে। পানসি কর্তৃপক্ষ পরে সংবাদ সম্মেলনে দাবি করেছেন, দুর্ঘটনায় গরু’র মৃত্যুর সঙ্গে পানসি’র নাম জড়ানো হয়েছে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন করার জন্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ১০ টায় সুনামগঞ্জ-সিলেট সড়কের সার্কিট হাউসের সামনের অংশে সড়ক দুর্ঘটনায় আহত একটি গরুকে তাৎক্ষণিক জবাই করার চেষ্টাকালে এটি মারা যায়। এরপরও গরুটি জবাই করার চেষ্টা করলে আশপাশের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে আটক করে। সোমবার আটককৃত ৩ জনকেই আদালতে সোপর্দ করা হয়।
সোমবার দুপুরে শহরের পানসি রেস্টুরেন্টের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, কিছু অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মরা গরু জবাই করে পানসির রান্নার জন্য নিয়ে আসা হয়েছে মর্মে সংবাদ প্রকাশ হয়েছে, তা সত্য নয়। পুলিশ যে ৩ জনকে আটক করেছে তাদের কেউই পানসি’র কর্মীও নয়।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, পানসি’র খাবারের সকল উপকরণ সরবরাহকারীদের মাধ্যমে সংগ্রহ করা হয়। সরবরাহকারীরা গরু এনে পানসিতেই জবাই করতে হয়। পানসি রেস্টুরেন্টে মরা গরু’র মাংস এনে সরবরাহের সুযোগ নেই। করা যাবেও না। পানসি গ্রাহকের সন্তোষ্টির চেষ্টা করে। এজন্যই পানসি’র সুনাম তৈরি হয়েছে। এ ঘটনার সঙ্গে পানসিকে না জড়ানোর অনুরোধ জানানো হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পড়ে শোনান পানসি’র মালিক শফিক আহমদ। এসময় উপস্থিত ছিলেন অপর মালিক শেখ মোহাম্মদ আজাদ।
সদর থানার ওসি সহিদুর রহমান জানান, সার্কিট হাউসের সামনে থেকে আটক ৩ জনকে কোর্টে চালান দেওয়া হয়েছে।