বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দ.) ইউনিয়নের মরা যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তলনের মহোৎসব চলছে। দীর্ঘদিন ধরে বাদাঘাট (দ.) ইউনিয়নে শক্তিয়ারখলা বাজার ও বাজার সংলগ্ন এলাকার মরা যাদুকাটা নদী থেকে শত শত স্টীলের ও শেইপের নৌকা দিয়ে দিন-রাত অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এলজিইডির পাকা রাস্তা ও পার্শ্ববর্তী দোকান বাড়ীঘর ও জমি নদী গর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। ক্ষতিগস্ত মালিকরা অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বার বার বাধা নিষেধ করলেও প্রতিরোধ করতে পারছেন না। এমতাবস্থায় যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে সোমবার এলাকাবাসীর পক্ষে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার দাবিতে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানার নিকট লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার থানার অফিসার ইনচার্জকে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌছলে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
অবৈধ বালু উত্তোলন ও মরা যাদুকাটা নদীপাড়, রাস্তাঘাট, ঘরবাড়ীসহ পরিবেশ সুরক্ষায় প্রশাসনের জুড়ালো হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।