- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মহাকাশ বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন সুনামগঞ্জের সজীব

বিন্দু তালুকদার
৩৭ তম বিসিএস’এ সাফল্যের সাথে পুলিশ ক্যাডার, শিক্ষা ক্যাডার ও প্রশাসনিক ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন সুনামগঞ্জের সাতজন মেধাবী শিক্ষার্থী। তবে অন্যান্য বছরের তুলনায় উত্তীর্ণের সংখ্যা কম থাকায় জেলাবাসীর অনেকের সাথে আমরাও মনোকষ্ট ছিল। কারণ ২০১৭ সালে সুনামগঞ্জের ২০ জন মেধাবী বিসিএস’এ উত্তীর্ণ হয়েছিলেন। তবে সেই মনোকষ্ট কিছুটা লাগব হয়েছে গতকাল শনিবার সন্ধ্যায় একটি ফেসবুক সংবাদ দেখার পর।
জামালগঞ্জের সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী উল্লাহ সরকার ও তাঁর ভাতিজা সংস্কৃতিকর্মী জামিল আহমদ জুয়েলের ফেসবুক পোস্ট থেকে জানা গেলে সুনামগঞ্জবাসীর জন্য অত্যন্ত খুশির একটা সংবাদ। ওয়ালী উল্লাহ সরকার নিজের ফেসবুক পোস্টে জানান, তাঁর ভাগ্না সুনামগঞ্জ সদর উপজেলার উত্তরসুরমা এলাকার বেড়িগাঁও গ্রামের বাসিন্দা মেধাবী শিক্ষার্থী আনোয়ার জামান সজীব আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্কলারশিপে আমেরিকার লস এঞ্জেলসের ‘ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া’ থেকে মহাকাশ বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। সংস্কৃতিকর্মী জামিল আহমদ জুয়েলও তাঁর ফেসবুক পোস্টে এই বিষয়টি সবাইকে সবাইকে জানিয়ে সজীবের জন্য দোয়া ও আশির্বাদ চান। তাঁরা দু’জন ফেসবুকে উল্লেখ করেন, মহাকাশ বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জনের বিষয়টি শুক্রবার রাতে ভিডিওকলে তাদের জানিয়েছেন আনোয়ার জামান সজীব।
আনোয়ার জামান সজীব সুনামগঞ্জ সদর উপজেলার উত্তরসুরমা এলাকার বেড়িগাঁও গ্রামের বাসিন্দা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ পরিচালক আবু নাছের ও গৃহিনী আনোয়ারা সরকারের জেষ্ঠপুত্র। তবে সজীবের মা-বাবা বর্তমানে সিলেট শহরে বসবাস করেন।
মহাকাশ নিয়ে অধ্যয়ন এবং আগামীতে অধ্যাপনা করা আমার জানামতে সুনামগঞ্জের প্রথম শিক্ষার্থী তিনি (আনোয়ার জামান সজীব)। এজন্য সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে তাঁকে (সজীব) অভিনন্দন ও অনেক শুভ কামনা। সজীব একদিন বড় মহাকাশ বিজ্ঞানী হবেন এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন এই প্রত্যাশা সুনামগঞ্জবাসীর।
শনিবার রাতে মুঠোফোনে আলাপ হয় মহাকাশ বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জনকারী সজীবের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবু নাছেরের সাথে। ছেলের মহাকাশ বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জনের বিষয়টি নিশ্চিত করে তিনি বললেন, শুক্রবার রাতে ভিডিওকলের ছেলে আমেরিকা থেকে জানিয়ে, মহাকাশ বিজ্ঞানে তার পিএইচডি ডিগ্রি অর্জন করার ফলাফল প্রকাশ হয়েছে। এসময় তিনি সুনামগঞ্জের চলমান বন্যা পরিস্থিতির খোঁজ-খবর নেন।
মেধাবী শিক্ষার্থী আনোয়ার জামান সজীবের বাবা আবু নাছের জানান, তাঁর ছেলে ছোট থেকেই লেখাপড়ায় বেশী মনোযোগি ছিল। স্কুল-কলেজেই অত্যন্ত ভাল ফলাফল করতো। প্রাথমিক শিক্ষায় সে বৃত্তি পেয়েছে। ২০০৫ সালে সিলেটে ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও ২০০৭ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করে। পরে ২০০৮ সালে জাপান সরকারের শিক্ষা বৃত্তি লাভ করে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক ডিগ্রী লাভ করেন সজীব। ২০১৪ সালে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার শিক্ষাবৃত্তি পেয়ে লস এঞ্জেলসের ‘ইউনিভার্সিটি অব ক্যালিফোফোর্নিয়া’-এ মহাকাশ বিজ্ঞানে ছয় বছর অধ্যয়ন করেন। এবং গতকাল শুক্রবার মহাকাশ বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জনের ফলাফল ঘোষণা হয় বলে স্বজনদের জানান সজীব। ফলাফল ঘোষণার পর আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে মহাকাশ বিজ্ঞানে অধ্যাপনা করার জন্য চিঠি দিয়ে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর সজীব শিকাগো বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন। নাসার সাথে মহাকাশ গবেষণা নিয়ে একটি বড় প্রজেক্টে কাজ করতে সজীবের ইচ্ছা রয়েছে এবং শুক্রবার এমন ইঙ্গিত তাদের দিয়েছেন বলে জানান, তাঁর বাবা আবু নাছের।
আনোয়ার জামান সজীবের মামাতো ভাই জামালগঞ্জের সংস্কৃতিকর্মী জামিল আহমদ জুয়েল বললেন,‘সজীব শুধু আমাদের পরিবারের নয়; সে সুনামগঞ্জ তথা দেশবাসীর গর্ব। তার জন্য শুভানুধ্যায়ীদের দোয়া ও আশীর্বাদ কামনা করি। আমাদের আশা সজীব বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে এবং দেশের জন্য সম্মান বয়ে আনবে।’
লেখক: সুনামগঞ্জ জেলা প্রতিনিধি- দৈনিক আমাদেরসময় ও যুগ্ম সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ প্রেসক্লাব।

  • [১]