স্টাফ রিপোর্টার
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। মুজিব শতবর্ষে এ বছর উদযাপিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। প্রত্যুষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল সাড়ে ৮টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সালাম গ্রহণ, ৯টায় শরীরচর্চা প্রদর্শনী, বেলা সাড়ে ১১টায় শহিদ আবুল হোসেন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠান। বিকাল সাড়ে ৩টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব বর্ষের শপথ পাঠে অংশগ্রহণ। বিকাল সাড়ে ৪টায় মহিলা কল্যাণ কেন্দ্রে মহিলা সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠান, বিকাল ৪.৪৫ মিনিটে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টায় শহিদ আবুল হোসেন মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃৃতিক অনুষ্ঠান।
এদিকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির জন্য ও শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত/যুদ্ধাগত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে বিশেষ দোয়া ও উপাসনা অনুষ্ঠিত হবে। দুপুরে হাসপাতাল, জেলখানা, শিশু পরিবারে প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিকও সাংস্কৃতিক সংগঠন এবং উপজেলা পর্যায়ে দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।