শহীদ নূর আহমেদ
সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ হোস্টেলের আশে পাশে বেড়েছে বখাটেদের আনাগোনা । কলেজ সীমানা দেয়ালের উত্তর পাশের খোলা স্থানগুলোতে জটলা বেঁধে আড্ডা দিতে দেখা যায় স্থানীয় ও বহিরাগত উঠতি বয়সের অনেক যুবকদের। হোস্টেলে অবস্থানরত ছাত্রীদের সাথে ইশারা ইঙ্গিতে কথা বলতেও দেখা যায় তাদের। এই বখাটেদের উৎপাত থেকে রক্ষা পাচ্ছে না নিয়মিত কলেজে আসা ছাত্রীরাও। বখাটেদের বেশিরভাগ স্থানীয় ও প্রভাবশালী হওয়ায় তাঁদের বিরুদ্ধে মুখ খোলতে দেখা যাচ্ছে না কাউকে। চোখের সামনেই দিব্যি এই দৃশ্য সহ্য করছেন কলেজের আশেপাশের বাসিন্দার। বখাটেদের প্রতিহত করতে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষকেও কোন উদ্যোগ নিতে দেখা যায়নি।
বখাটেদের আনাগোনায় কলেজ হোস্টেলের ছাত্রীদের নিরাপত্তা নিয়ে শংকিত কলেজ কর্তৃপক্ষ। সরকারি মহিলা কলেজ এলাকায় পুলিশের নজরদারির অনুরোধ তাদের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ১০-১১টা ও বিকাল ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় আড্ডা দিতে দেখা যায় কলেজের উত্তর পাশের খালি স্থানে। ব্রিজের উপরে বসে মোবাইল ফোনে কথা বলা, গান গাওয়া, ইন্টারনেট ব্যবহার করা, ছাত্রীদের হোস্টেলের দিকে তাকিয়ে থাকা, ইশারা ইঙ্গিতে কথা বলা সহ নানা অনৈতিক কাজ করতে দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছকু সরকারি মহিলা কলেজের একাধিক ছাত্রী বলেন, বিকেলের সময়ে কিছু বাজে ছেলেরা দক্ষিণ পাশে এসে আড্ডা দেয়। ছোট এই চিপাগলিতে জায়গা না হওয়া সত্ত্বেও ব্যাট হাতে ক্রিকেট খেলতে আসে অনেকেই। হোস্টেলের দিকে তাকিয়ে হাসিঠাট্টা করে তারা। মাঝে মধ্যে ইশারা ইঙ্গিতও করে । কোন প্রয়োজনে বাহির হতে ইচ্ছে হলেও ওদের ভয়ে বাহির হইতে চাই না।
সরকারি মহিলা কলেজের হোস্টেল সুপার মো. জালাল উদ্দিন বলেন, ইদানিং ছাত্রী হোস্টেলের পাশের স্থানে কিছু ছেলেরা অযথা আড্ডা দিতে আসে। ব্রীজের ওপর বসে অযথাই হোস্টেলের ছাত্রীদের বিরক্ত করে। হই হল্লা করে। ক্লাস চলাকালীন সময়ে গেইট ও আশে পাশে এলাকায় ঘুরঘুর করে কিছু ছেলে। মেয়েদের চলাচলের নিরাপত্তা বিধান ও বখাটেদের এই আড্ডা বন্ধে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।
সদর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন, বখাটে দমনে আমরা তৎপর আছি। মহিলা কলেজে বখাটেদের আড্ডা হয়, এ বিষয় সম্পর্কে আমাকে জানানো হয়নি। তবে কর্তৃপক্ষ খবর দিলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব।