সু.খবর ডেস্ক
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৫টার দিকে তিনি মারা গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার ফজরের আজানের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
বাংলাদেশ মহিলা পরিষদের ফেসবুক পেজের পোস্টে জানানো হয়, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের ছাত্র আন্দোলনসহ সব প্রগতিশীল আন্দোলনের সংগঠক, বিশিষ্ট নারীনেত্রী আয়শা খানম আজ ভোরে প্রয়াত হয়েছেন।
সকাল সাড়ে ৮টায় তার মরদেহ মহিলা পরিষদ অফিসে নেওয়া হয়েছে বলে জানা গেছে।।
নেত্রকোণায় নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমের স্বামী প্রকৌশলী মরতুজা হাসানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। আয়শা খানম বাষট্টির ছাত্র আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধসহ সব প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন। তিনি ছাত্রজীবন শেষে বঞ্চিত অধিকারহীন নারীদের অধিকার আদায়ে আমৃত্যু নিয়োজিত ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের নারী আন্দোলন এক অকৃত্রিম অভিভাবককে হারাল।
নেত্রকোনার গাবড়াগাতি গ্রামে ১৯৪৭ সালের ১৮ অক্টোবর আয়েশা খানমের জন্ম। তাঁর বাবার নাম গোলাম আলী খান এবং মা জামাতুন্নেসা খানম। তিনি ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন।
তিনি র্দীঘদিন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতির দায়িত্ব পালনকালে নারীর অধিকার আদায়ে বিশেষ ভূমিকা রাখেন। তিনি বাষট্টির ছাত্র আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধসহ সকল প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন। তিনি ছাত্র জীবন শেষে বঞ্চিত অধিকারহীন নারীদের অধিকার আদায়ে আমৃত্যু নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশের নারী আন্দোলন এক অকৃত্রিম অভিভাবককে হারালো।