- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মহিলা পরিষদের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের জলিলপুর গ্রামে জেলা মহিলা পরিষদের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। বুধবার (২৬ মে) দুপুরে এই বিয়ের আয়োজন করেছিলেন কনের বাবা মো. জসিম উদ্দিন। বর পৌর শহরের ওয়েজখালি গ্রামের বাসিন্দা আসমান মিয়া।
জানা যায়, জলিলপুর গ্রামের ষোলো বছর বয়সি এক মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে বলে সুনামগঞ্জ মহিলা পরিষদে খবর দেয় গ্রামেরই এক সচেতন ব্যক্তি। খবর পেয়ে দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ কনের বাড়িতে গিয়ে হাজির হন। পরে পরিবার দাবি করেন মেয়ের বিয়ের বয়স হয়েছে। তাই বিয়ে দেয়া হচ্ছে।
বিষয়টি মহিলা পরিষদ নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনকে জানালে উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মো. আরিফ আদনান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি কাগজপত্র যাচাই করে বিয়ে বন্ধ করার নির্দেশ দেন। পরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. গোলাম আহমদ ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর জাহানারা বেগমের উপস্থিতিতে মেয়ের আঠারো বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না এই অঙ্গীকারনামায় স্বাক্ষর দেন মেয়ের পিতা মো. জসিম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শরীফা আশ্ররাফি সম্পা, লিগ্যাল এইড সম্পাদক রাশিদা বেগম, প্রোগ্রাম এক্সিকিউটিভ তৃণা দে।

  • [১]