- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘মাছের উৎপাদন বৃদ্ধি করতে হাওরে এক মাস মাছ ধরা বন্ধ রাখা হবে’

স্টাফ রিপোর্টার
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানে সুনামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডলের সভাপতিত্বে ও অনুুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার উল হালিম ।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল জানান, সুনামগঞ্জে প্রতি বছর এক লাখ ৫ হাজার মে. টন মাছ উৎপাদন হয়। হাওরে মাছ ধরতে কোনা জাল ও প্লাস্টিকের চাইয়ের ব্যবহার বন্ধ করতে হবে। হাওরে মিঠা পানির মাছের উৎপাদন বৃদ্ধি করতে আগামীতে সুনামগঞ্জের হাওর এলাকায় এক মাস সবধরনের মাছ ধরা বন্ধ রাখা হবে। এই সময়ে এক লাখ ২৫ হাজার মৎস্যজীবীকে সরকারিভাবে খাদ্য সহায়তা দেওয়া হবে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের পুনর্বাসনের জন্য উর্ধ্বতন কতৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জয়নাল আবেদীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন টিপু, শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, মৎস্য খামারী মাঈন উদ্দিন প্রমুখ।
বন্যায় ক্ষতিগ্রস্ত মাছ চাষিরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের সকল শ্রেণির লোকজন সরকারি, বেসরকারি সহায়তা পেলেও মাছ চাষিররা কোন ধরনের সহায়তা পায়নি। বন্যায় ১৭ হাজার মাছ চাষীর ২৫ হাজার পুকুরের হাজার কোটির মাছ পানিতে ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের পুনর্বাসন করা না হলে মাছ চাষিরা ঘুরে দাঁড়াতে পারবে না।

  • [১]