জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাগাউরা গ্রামবাসীর মধ্যে মাছ ধরা কে কেন্দ্র করে প্রায় ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত ১০ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের সবুজ মিয়া ও নবীগঞ্জ উপজেলার বাগাউরা গ্রামের সুমন মিয়ার মধ্যে রবিবার দুপুরে বিবিয়ানা নদীতে মাছ ধরা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। তাদের মধ্যে মজমুল মিয়া (২২), রাজা মিয়া (২৫), সেলিম মিয়া (২৮), ছানাওর মিয়া (২৪), রহিম উদ্দিন (৩৩), সাজ্জাদ মিয়া (২৮), ফরুক মিয়া (৩২), সবুজ মিয়া (২৬), হবেজুল মিয়া (৩৬), বাচ্ছু মিয়া (২৮) কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরাপর আহতদের জগন্নাথপুর ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান,সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।