আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরের অন্যতম বোর ফসলী হাওর মাটিয়ান হাওরের বোয়ালমারা স্লুইসগেট সংলগ্ন পশ্চিমের পুরনো বস্তি বেরিবাঁধটি হঠাৎ দেবে গেছে। গতকাল বুধবার এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে হাওরপাড়ের কৃষক, মাটিয়ান হাওর উন্নয়ন কমিটি ও উপজেলা নির্বাহী অফিসার বাঁধ এলাকায় গিয়ে বাঁধটি পরিদর্শন করেন । কৃষকরা আশঙ্কা করছেন, এই বাঁধটি জরুরী ভিত্তিতে বাঁশ চাটাই ও মাটি দিয়ে মেরামত করা না হলে মাটিয়ান হাওরের প্রায় ৭ হাজার হেক্টর জমির ধান পানির নীচে তলিয়ে যাবে। মাটিয়ান হাওর উন্নয়ন কমিটির সভাপতি হাজী আব্দুল জলিল তালুকদার বলেন, গত তিনদিনের ভারী বর্ষণের ফলে মাটি নরম হওয়ায় বোয়ালমারা পুরনো বস্তি বাঁধটি দেবে যাওয়ায় মাটিয়ান হাওরটি শতভাগ হুমকির মুখে পড়েছে। জরুরী ভিত্তিতে বাঁধে কাজ শুরু করতে তিনি পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন।
এছাড়া উপজেলা নির্বাহী অফিসার মাটিয়ান হাওরের বনুয়া ক্লোজার বাঁধ, টাঙ্গুয়া হাওরের নাওটানা বাঁধ, নজরখালী বাঁধ ও মহালিয়া ক্লোজার বাঁধটি সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনের সময় মহালিয়া ক্লোজার বাঁধটি শতভাগ সম্পন্ন হয়নি বলে পরিদর্শনকালে দেখা যায়।
পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ এর উপসহকারী প্রকৌশলী শাহ আলম বলেন, মাটিয়ান হাওরের বোয়ালমারা স্লুইসগেট সংলগ্ন পশ্চিমের পুরনো বস্তি বেড়িবাঁধটি দেবে গেছে এ ধরনের সংবাদ তারা পেয়েছেন। দ্রুত সমস্য সমাধানের জন্য বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়ে তিনি বাঁধ এলাকাতে আসবেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, মাটিয়ান হাওরের বোয়ালমারা স্লুইসগেট সংলগ্ন পশ্চিমের পুরনো বস্তি বেড়িবাঁধটি জরুরী ভিত্তিতে মেরামত করা না হলে মাটিয়ান হাওর সহ কয়েকটি হাওর তলিয়ে যাবে। তিনি বাঁধটি দ্রুত মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেছেন। তাছাড়া তিনি মহালিয়া ক্লোজার বাঁধের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, পানি উন্নয়ন বোর্ড উক্ত কাজটিকে দেখভাল করার জন্য তিনি পাউবোর সাথে কথা বলেছেন।