- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মাঠে নেমেছেন ৮ বিচারিক হাকিম

স্টাফ রিপোর্টার
পঞ্চম ধাপে আগামীকাল সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ৪টি, জামালগঞ্জ উপজেলার ৪টি এবং ধর্মপাশা উপজেলার ১০টি সহ মোট ১৮ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে উপলক্ষে ৮ বিচারিক হাকিম মাঠে নেমেছেন।
সোমবার (৩ জানুয়ারি) থেকে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনের জন্য ভোটের মাঠে নিয়োজিত থাকবেন তারা। নির্বাচনী অপরাধসহ বিভিন্ন অপরাধ আমলে নিয়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সংক্ষিপ্ত বিচারকাজ করবেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের বিচার বিভাগীয় কর্মকর্তারা।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ও পৌরসভা) নির্বাচন বিধিমালার অধীন নির্বাচনী অপরাধগুলো ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ (অ্যাক্ট নম্বর পাঁচ)’ এর ১৯০ ধারার অধীনে আমলে নেওয়া ও তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি দুই ইউপির জন্য একজন করে বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকবে। তবে কোনো কোনো উপজেলায় প্রতি তিন ইউপির জন্যও একজন করে বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। এসব কর্মকর্তার ভোটের দায়িত্বকে বিচারিক দায়িত্ব হিসেবে গণ্য করা হবে।
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আটগাঁও ও হবিবপুর ইউনিয়নে সুনামগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাদুজ্জামান, বাহাড়া ও শাল্লা ইউনিয়নে সিলেট বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আনোয়ারুল হক। জামালগঞ্জ উপজেলার বেহেলি ও সাচনাবাজার ইউনিয়নে সুনামগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহবুবুল ইসলাম এবং ভীমখালি ও ফেনারবাঁক ইউনিয়নে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ইশরাত জাহান। ধর্মপাশা উপজেলার সেলবরষ, পাইকুরহাটি ও সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নে সিনিয়র সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাং হেলাল উদ্দিন, মধ্যনগর, চামরদানী ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম, বংশিকুন্ডা দক্ষিণ ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন-অর-রশিদ এবং জয়শ্রী ও ধর্মপাশা সদর ইউনিয়নে সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিছবাহ উদ্দিন আহমদ দায়িত্ব পালন করবেন।
গত ২ জানুয়ারি ইসি’র এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সুনামগঞ্জ সহ সারাদেশে ভোটের মাঠে ২৭১ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালনকালে একজন বেঞ্চ সহকারী/ স্টেনোগ্রাফার/অফিস সহকারীকে সহকারী হিসেবে সঙ্গে নিতে পারবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাদের নিজ নিজ অফিস প্রধান ব্যবস্থা নেবেন।
প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকে ইতোমধ্যে ৯ বার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৯৭৩ সালেপ্রথম ইউপি নির্বাচন এবং সর্বশেষ ২০১৬ সালে নবম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও ১৯৭৭, ১৯৮৩, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৭, ২০০৩, ২০১১ ইউপি নির্বাচন হয়েছে। চলতি ২০২১ সালে জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হচ্ছে দশম ইউপি নির্বাচন। সর্বশেষ ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি প্রথম বারের মতো দলীয় প্রতীকে নবম ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ওই বছরের ২২ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত ছয় ধাপে চার হাজার ২৭৫টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

  • [১]