- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

স্টাফ রিপোর্টার
মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় শান্তিগঞ্জ উপজেলার এফআইডিবি হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হাসান মোল্লা, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি, নির্বাহী অফিসার, শিক্ষক, সাংবাদিক সহ সকল শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেছেন, বাংলাদেশের প্রায় সকল সেক্টরের মানুষ মাদকের সাথে জড়িত। মাদকদ্রব্য সামাজিক ভাবে নিয়ন্ত্রণ করতে যে সমস্যা প্রথমে দেখা যায় সেটা হচ্ছে, কেউ আসক্ত হলে তার বাবা-মা অভিভাবক তা স্বীকার করেন না। তারা ভুক্তভোগীকে নির্দোষ বানাতে ব্যস্ত থাকেন। এই প্রশ্রয়ে সন্তানরা আরও বেপরোয়া হয়ে উঠে। এটা রোধ করতে হবে, নিজে ঠিক হতে হলে আগে দোষ স্বীকার করতে হবে।
জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন বলেছেন, শুধু আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব না। মাদক নিয়ন্ত্রণ করতে সামাজিক ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের প্রশাসন আছে, মাদক নিরাময় কেন্দ্র আছে, এগুলোর সাহায্যে আমরা একজন মাদকাসক্ত অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তুলবো। সুনামগঞ্জ থেকে মাদক নির্মূল করবো।
সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের ইউনিয়ন থেকে শুর” করে জেলা পর্যন্ত কর্মপরিকল্পনা আছে। আমাদের কাজে পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহযোগিতা করছে। সুনামগঞ্জ হাওর বাওরের এলাকা। এখানে চারিদিকে শুধু পানি। এখানে যে কোন কাজ করা কঠিন হয়ে পড়ে। আজকের এই কর্মশালা থেকে কিভাবে ইউনিয়ন, উপজেলা, জেলা থেকে একেবারে মাদক নির্মূল করা যায় সেই সুপারিশগুলো উঠে আসবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে যেন মাদক কোনো বাধা হয়ে না দাঁড়ায় সেজন্য আমরা সবাই একসাথে কাজ করবো।

  • [১]