- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মাদ্রাসায় সরকার বিরোধী প্রচারণা ও জঙ্গি প্রশিক্ষণ পুলিশ সুপারের হস্তক্ষেপে মামলা রেকর্ড

স্টাফ রিপোর্টার
ছাতকের চরমহল্লা ইউনিয়নের খরিদিচর গ্রামের বাসিন্দা জামায়াতের নেতা খরিদিচর সিনিয়র আলিম মাদ্রাসার সহকারি মৌলভী আ.ক.ম. নুরুল হুদাসহ তার চার ভাইয়ের বিরুদ্ধে সরকার বিরোধী প্রচারণা ও জঙ্গি প্রশিক্ষণের অভিযোগ উঠায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে।
খরিদিচর গ্রামের বাসিন্দা প্রধান শিক্ষক ফরিদ   উদ্দিন বাদী হয়ে আ.ক.ম. নুরুল হুদাসহ তার চার ভাইদের বিরুদ্ধে মামলা করেছেন। বুধবার বিকালে মাদ্রাসা পয়েন্টে সরকার বিরোধী প্রচারণার অভিযোগ দাখিলের ৫ দিন পর পুলিশ সুপার হারুন অর রশিদের নির্দেশে সোমবার মামলাটি রেকর্ড করে ছাতক থানার পুলিশ। এর আগে প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন গত বৃহস্পতিবার জামায়াত নেতা আ.ক.ম. নুরুল হুদাসহ তার চার ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছিলেন। কিন্তু ছাতক থানার ওসি অভিযোগটি মামলা আকারে রেকর্ড ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে গড়িমসি করছিলেন। পরে গত রবিবার থানায় দাখিলকৃত অভিযোগে কপি নিয়ে শিক্ষক মো. ফরিদ উদ্দিন পুলিশ সুপার হারুন অর রশিদের সাথে সাক্ষাত করেন। পুলিশ সুপার তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।  
উল্লেখ্য, অভিযোগ উঠেছে খরিদিচর গ্রামের বাসিন্দা জামায়াতের নেতা মাদ্রাসার সহকারি মৌলভী আ.ক.ম. নুরুল হুদাসহ তার ভাইয়েরা গত বুধবার বিকালে মাদ্রাসা পয়েন্টে মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে নিয়ে সরকার বিরোধী লিফলেট বিলি করেছেন। এছাড়া জামায়াতের পক্ষে জনমত গড়ে তুলতে ওই মাদ্রাসায় ক্বেরাত প্রশিক্ষণের নামে জামায়াত ইসলামীর দাওয়াত ও জঙ্গি প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

  • [১]