স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের মেধাবী মুখ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের লিম্ফোমায় আক্রান্ত ছাত্র সেন্টু রঞ্জন দাস (অর্ক) এর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ৩৫
লাখ টাকা সংগ্রহ হয়ে গেছে বলে তহবিল সংগ্রহ স্থগিত ঘোষণা করা হয়েছে। চিকিৎসা তহবিল সংগ্রহের দায়িত্বে নিয়োজিত অন্যতম সমন্বয়ক সুনামগঞ্জের আইনজীবী ও অর্কর শিক্ষক কল্লোল তালুকদার চপলের ফেসবুক পোস্ট থেকে জানা যায়, প্রয়োজনীয় ৩৫ লাখ টাকার মধ্যে ৩১ লাখ চব্বিশ হাজার চারশত দুই টাকা সংগৃহিত হয়েছে। অবশিষ্ট টাকা নাম প্রকাশে অনিচ্ছুক সমাজ হিতৈষি ব্যক্তিবর্গ বহন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। চিকিৎসার প্রয়োজনীয় টাকা সংগ্রহ হয়ে যাওয়ায় ইতোপূর্বে যে সব ব্যাংক ও বিকাশ একাউন্টের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হচ্ছিল সেগুলোতে আর কোন টাকা না পাঠানোর জন্য সমন্বয়করা সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। চিকিৎসা ব্যয়ের যাবতীয় হিসাব ফেসবুক ও গণমাধ্যমের মাধ্যমে তারা সর্বসমক্ষে যথাসময় উপস্থাপন করবেন বলেও জানিয়েছেন। এ বিষয়ে তহবিল সংগ্রহের কাজে নিয়োজিত অন্যতম সমন্বয়ক অ্যাড. কল্লোল তালুকদার চপল বলেন, ‘আমাদের মানবিক আবেদনে সাড়া দিয়ে মেধাবী অর্ককে বাঁচাতে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান মানবিক সহায়তার হাত প্রশস্ত করেছেন তাঁদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ।’