জগন্নাথপুর অফিস
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে ফুঁসে উঠেছে জগন্নাথপুরবাসী। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পৌর পয়েন্টে জগন্নাথপুর উপজেলার সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে জগন্নাথপুরের বিভিন্ন স্তরের নারী পুরুষ অংশ নেন। এসময় বক্তারা বলেন, এমপি হাবিবুর রহমান হাবিব জগন্নাথপুরবাসীকে নিয়ে কটাক্ষ করে কথা বলায় আমারা কষ্ট পেয়েছি। অনতিবিলম্বে এমপিকে তাঁর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে, অন্যথায় আমরা উপজেলার সর্বস্তরের লোকজনকে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলনে যাবো।
বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত মানববন্ধন শেষে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীরের সভাপতিত্বে ও পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়ার পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব, পৌর কাউন্সিলর শফিকুল হক, কামাল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল, মহিলা আওয়ামী লীগ নেত্রী সুফিয়া খানম সাথী, ফেয়ার ফেইসের প্রতিষ্ঠাতা সদস্য এম. শামীম আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশিদ প্রমুখ।
জগন্নাথপুর পৌর স্বেচ্ছাবেক লীগ সভাপতি ও আয়োজন কমিটির প্রধান সমন্বয়কারী ছালিক আহমদ পীর বলেন, একজন জনপ্রতিনিধি হয়ে একটি উপজেলা কে হেয় করে কথা বলায় আমাদের হৃদয়ে রক্তরক্ষণ হচ্ছে। তাই আমরা এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসুচি পালন করেছি।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তি ও বিভিন্ন সূত্রে জানা যায়, গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসদ সদস্য হাবিবুর রহমান জগন্নাথপুর উপজেলাবাসীকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এ বক্তব্যে জগন্নাথপুরের মানুষের মধ্যে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, এক দরিদ্র নারী সিলেট- ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমানের সঙ্গে দেখা করে একটি ঘরের আবেদন করলে তিনি ওই নারীকে তার বাড়ি কোথায় জিজ্ঞেস করেন। এসময় ওই নারী তার বাড়ি সিলামে বলে জানান। এসময় সাংসদ হাবিবুর রহমান তাঁর বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর নয়তো বলে কটাক্ষ করেন। এসময় ওই নারী তিনি এরকম নন বলতে শোনা যায়। পরে সংসদ সদস্য হাবিবুর রহমান ইউএনওকে ফোন করে মুজিব বর্ষে তাকে ঘর করে দিতে বলেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বক্তব্য ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়েছে।