- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মান্নান সবকিছু নিয়ে যাচ্ছে, এটি সত্য নয়

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের উন্নয়ন কার্যক্রম নিয়ে কথা বলার সময় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি কারো নাম উল্লেখ না করে বলেন, সুনামগঞ্জ আমার জেলা শহর, বাইরে গেলে বাড়ি সুনামগঞ্জ বলি আমি, অথচ আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়, বলা হয়, ‘মান্নান সব কিছু শান্তিগঞ্জে নিয়ে যাচ্ছে, এমন কথা সত্য নয়, কেন সেটি বলা হয় জানি না।
তিনি বলেন, শান্তিগঞ্জে নতুন উপজেলা হয়েছে, উপজেলা নতুন হওয়ায় ওখানে কিছু অবকাঠামো হচ্ছে। এগুলোকে উল্লেখ করে, কেউ কেউ আমাকে দোষারোপ করেন। তারা সেটি বলেন না, বর্তমান সরকারের সময়কালে জেলার সবচেয়ে বড় প্রতিষ্ঠান বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলায়। সুনামগঞ্জ সদর হাসপাতালের ২৫০ শয্যার ভবন, সুনামগঞ্জ পৌর কলেজের ভবন, ইসলামগঞ্জ কলেজের ভবন, পুরাতন জেল খানাকে সুনামগঞ্জ মহিলা কলেজের দ্বিতীয় ক্যাম্পাস করতে আমি কাজ করেছি। জামালগঞ্জ-ধর্মপাশা-নেত্রকোণা সড়কের সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্প প্রক্রিয়ার মধ্যে আছে। এই প্রকল্পের ফাইল নীচে গেলে কেউ দেখতেনও না, জানতেনও না, আমি সেটি করি না, সুনামগঞ্জ আমার জেলা, পুরো দেশটাই আমার। ছাতক সিমেন্ট ফ্যাক্টরীতে উৎপাদন হয় না, মেরামত করার জন্য দেড় হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, সুনামগঞ্জ পর্যন্ত রেল লাইন আসবে, কোন দিকে রেল যাবে, রেলমন্ত্রী আমাকে জিজ্ঞেস করেছিলেন। আমি বলেছি, যেদিকে মানুষের উপকার হয়, পরিবেশ-প্রকৃতি রক্ষা করে হয়, সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা যেই পথকে উপযুক্ত মনে করবেন, সেদিকে করবেন, সরকারের একজন কর্মী হিসাবে আমি তাতে সহযোগিতা করবো। তিনি বলেন, আমি কাজের মানুষ, যতদিন বেঁচে থাকবো মানুষের জন্য, দেশের জন্য কাজ করে যাব।

  • [১]