- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারীর জয় জয়কার

হোসেন তওফিক চৌধুরী
সারাবিশ্বের দৃষ্টি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি। আগামী ৮ই নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সারা বিশ্বই অধীর আগ্রহে প্রতিক্ষারত। প্রতি চার বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৮৪৫ সাল থেকে এই নির্বাচন প্রথা চালু হয়েছে। নির্বাচন সব সময়ই অনিশ্চিত। তবে দেশে বিরাজিত নির্বাচন পরিস্থিতি ও হালচালে নির্বাচনের ফলাফল সম্পর্কে পূর্বে আঁচ করা যেতে পারে। এই গুরুত্বপূর্ণ নির্বাচনে নির্ধারিত হবে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে হবেন। এই নির্বাচনে প্রধান দুই প্রার্থী হচ্ছেন ডেমোক্রেটিক দলীয় প্রার্থী হিলারী রডহ্যাম ক্লিনটন এবং অপর প্রার্থী রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেশে জোরেসোরে নির্বাচনী তৎপরতা চলছে। হিলারী ক্লিনটন সাবেক প্রেসিডেন্ট ক্লিনটনের পতœী ছাড়াও নিজ গুণে গুণান্বিত। তিনি দেশের এটর্নী জেনারেল ছিলেন। ছিলেন একজন সিনেটার এবং পররাষ্ট্রমন্ত্রী। অপরদিকে ট্রাম্প একজন সম্পদের কুমীর। অঢেল সম্পদের মালিক। প্রেসিডেন্ট নির্বাচন ইতোমধ্যেই জমে উঠেছে এবং নির্বাচনী উত্তাপ মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই দেশের সংবাদপত্র এবং সংবাদ মিডিয়া নির্বাচন সম্পর্কে অত্যন্ত সোচ্চার হয়েছে। বলার অপেক্ষা রাখে না যে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন বিশ্বরাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিডিয়ার ভাষা অনুযায়ী দেখা যায় হিলারী ট্রাম্পের চেয়ে বিরাট ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে গেল কিছুদিনে ট্রাম্প কিছুটা এগিয়েছেন। কিন্তু হিলারীর জনপ্রিয়তার কাছাকাছি আসতে পারেন নি। হিলারী নির্বাচনে প্রচার প্রচারণায় অত্যন্ত শালীন ও সংযত। কিন্তু ট্রাম্প অত্যন্ত খেপাটে এবং বেঁফাস মন্তব্য করছেন। তিনি নারীদের সম্পর্কে অত্যন্ত অসম্মানজনক মন্তব্য করে নারীদের বিরাগভাজন হয়েছেন। মিডিয়া সম্পর্কে তিনি অনভিপ্রেত মন্তব্য করে মিডিয়ার     ভাবমূর্তিতে আঘাত হেনেছেন। তিনি বলেছেন, ‘মিডিয়া পক্ষপাত দুষ্ট। হিলারীর পক্ষ নিয়ে তৎপরতা চালাচ্ছে। ’ মিডিয়াকে ট্রাম্প অসৎ বলে অভিহিত করেছেন। ট্রাম্পের জীবনের যৌন কেলেঙ্কারীর বিবরণ ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে। নারীরাই এসব তথ্য প্রকাশ করেছেন। ট্রাম্প এসব অস্বীকার করে নারীদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদপ্রার্থী যতটুকু শালীন ও সংযত হওয়ার কথা ট্রাম্পের মধ্যে সেসব গুণাবলী নেই। তিনি বলেছেন নির্বাচনে হেরে গেলে নির্বাচনের ফলাফল মেনে নেবেন না। নির্বাচন হওয়ার আগেই তিনি কারচুপির অভিযোগ এনেছেন। তিনি আরো দাবি করেছেন, হিলারীকে অযোগ্য ঘোষণা করে নির্বাচন বাতিল করে তাকে নির্বাচিত করা হোক। তিনি বলেছেন হিলারী নির্বাচিত হলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে। এসব উদ্ভট ও আজগুবি মন্তব্য করে নির্বাচনী পরিস্থিতি ট্রাম্প ঘোলাটে করে তুলেছেন। তার নিজ দলের অনেকেই ইতোমধ্যে তার সঙ্গ ছেড়ে দিয়েছেন। তবে রিপাবলিকানরা এখন সংসদে তাদের অবস্থা সম্মানজনক রাখার জন্য তৎপর রয়েছেন। উল্লেখ্য যে, এ পর্যন্ত অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কোন প্রার্থী ট্রাম্পের মতো দেশে বিদেশে বেঁফাস দায়িত্ব-জ্ঞানহীন মন্তব্যের জন্য আলোচিত সমালোচিত হন নি। আগামী ৮ই নভেম্বর নির্বাচন হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান মোতাবেক আগাম ভোট প্রদানের পদ্ধতি চালু রয়েছে। ইতোমধ্যেই বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট দিতে শুরু করেছেন। পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা আগাম ভোটের গতিবিধিতেই বলে দেয়া যায়। এই গতিবিধি পর্যবেক্ষণ করে নিউইয়র্ক টাইমস বলেছে, আগামী প্রেসিডেন্ট হবেন হিলারী। রাজ্যে রাজ্যে এবার আগাম ভোটের হিড়িক পড়েছে। যেভাবে আগাম ভোট হচ্ছে তাতে দেখা যায় ভোটের নির্ধারিত দিনে খুব কম ভোটারকে ভোটের মাঠে দেখা যাবে। নির্বাচন পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়ার ভাষ্য অনুযায়ী দেখা যায় ভোটের আগেই হিলারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যাবেন। হিলারী মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সংযোজন করতে যাচ্ছেন। তিনিই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হবেন। শুধু যুক্তরাষ্ট্রে নয়, গোটা বিশ্বই তার হাতের মুঠোয় থাকবে।
লেখক: আইনজীবী-কলামিষ্ট

  • [১]