মানবেন্দ্র কর
আমার মা’র অসুখ হলে
সারা বাড়ি জুড়ে অসুখ
নেমে আসে
মা যখন জ্বরে ভোগেন
তখন আমরা বাড়ির
কয়েকটা গিনিপিগ
বারান্দার দেয়াল ঘেঁষে
জড়োসরো হয়ে
পড়ে থাকি
মা’র অসুখ
মন্দিরে ফুল
চড়ে না
চুলোয় হাড়ি
চড়ে না
এলোমেলো পড়ে থাকে
এঁটো বাসন, বাসি কাপড়, রাতের বিছানা বালিশ
মশাড়ি গোছানো হয় না
কল পাড়ের বেঢপ শব্দ হয় না
মশামাছিরা মেতে উঠে
আনন্দ উল্লাসে
ঘর জুড়ে মাছের কাটা, ধুলো ময়লার
বোটকা গন্ধ
স্যাঁতস্যাঁতে মেঝে, উঠোনে পাতার স্তুপ
মা’র অসুখ হলে
বাড়িটার ভীষণ অসুখ হয়ে পড়ে
বাজারের ব্যাগের ঘুম ভাঙে না
মলিন মুখ
বাড়ির বিড়ালের
মা বিছানায় শুয়ে শুয়ে প্রলাপ বকেন
আমরা সবাই
মাকে ঘিরে শুয়ে থাকি
নাওয়া খাওয়া ভুলে থাকি
মা’র অসুখ
তাই সারা শহরজুড়ে সুখের দির্ঘশ্বাস