স্টাফ রিপোর্টার, তাহিরপুর
হাওরে ধান কাটার শ্রমিকদের মাঝে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক সংগঠন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে হাওরের ধান কাটার শ্রমিকদের বিনামূল্যে ফেস মাস্ক, সাবান, মগ ও ড্রাম বিতরণ করা হয়।
উন্নয়ন সংগঠন এএলআরডির সহযোগীতায় বৃহস্পতিবার দুপুরে শনির হাওর পাড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।
এ সময় উপস্থিত ধান কাটার শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। একই সাথে ধান কাটার শ্রমিকদের বারবার হাত ধোয়ার সুবিধার্থে কয়েকটি ওয়াস পয়েন্ট এর জন্য শ্রমিকদের মাঝে পানির ড্রাম ও সাবান বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো.হাসান-উদ-দৌলা,তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,জনতা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মুদাচ্ছির আলম, সংস্থার সদস্য রাসেল আহমদ, বাবলু তালুকদার ও ভলান্টিয়ার শেখ আলম, সাবজল আহমেদ আশরাফুজ্জামান মনি প্রমুখ।
উল্লেখ্য সংগঠনের পক্ষ থেকে প্রথম দফায় বিশটি ওয়াশ পয়েন্টের জন্য বিশটি পানির ড্রাম, আশিটি সাবান এবং এক হাজার ফেইস মাস্ক বিতরণ করা হয়। তাহিরপুরের শনির হাওর মাটিয়ান হাওর ও টাঙ্গুয়ার হাওরের ধান কাটার শ্রমিকদের জন এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার সারাদিন মাইকিং করে কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। পরিবেশ ও হাওর উন্নয়নন সংস্থা হাওরের কৃষকদের মাঝে কোনো সংক্রমণ রোধে টেলিমেডিসিন সার্ভিস চালু করেছে। ৯ জন বিশেষজ্ঞ ডাক্তারের মোবাইল নাম্বার বিভিন্ন ব্যানারে টানিয়ে দেওয়া হয়েছে। রোগীরা এসব নাম্বারে ফোন করে চিকিৎসা সেবা নিতে পারবেন। সংগঠনের পক্ষ থেকে কিছু বিনামূল্যে ঔষধ বিতরণ করা হচ্ছে। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, অন্যান্য বছরের চেয়ে এ বছর হাওরের ফসল সঠিকভাবে উত্তোলন করা অধিক গুরুত্বপূর্ণ। সঠিকভাবে ফসল উত্তোলন করতে হলে হাওর এলাকায় করুনার সংক্রমণ রোধ করতে হবে।আমরা আশা করি আমাদের এই সেবাগুলো গ্রহণ করলে হাওর এলাকার কৃষক, শ্রমিক সর্বস্থরের জনগণ উপকৃত হবেন।