- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মা-বাবার কবরের পাশে শায়িত হলেন পুলিশ কর্মকর্তা দিপু

স্টাফ রিপোর্টার
সিলেটের জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ ঘিরে অভিযান চলাকাল সন্ধ্যা ও রাতে দুই দফা বোমা বিস্ফোরণে সিলেট মেট্রোপলিটন পুলিশের সিটিএসবি’র সিআইও-১ চৌধুরী মোহাম্মদ আবু কয়ছর দিপু’র মরদেহ রোববার বিকালে সুনামগঞ্জ শহরের নতুনপাড়ার (নিলয়-২) বাসভবনে এসে পৌঁছালে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। তাঁকে একনজর দেখার জন্য শহরের বিভিন্ন মহল্লার লোকজন এসে জড়ো হন। পুলিশের সহকর্মীরা, ক্রিকেটার, রাজনৈতিককর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ ভিড় করেন নতুনপাড়ার নিলয়-২ নম্বও বাসার সামনে। নতুনপাড়ার বাসিন্দা মুক্তিযুদ্ধের সংগঠক আসদ্দর আলী চৌধুরী ও  হাসনা চৌধুরী’র ৭ ছেলে ও ১ মেয়ের মধ্যে ৩য় দিপু ১৭ বছর আগে সিলেটের উপ শহরের সায়েরা ফারহানা চৌধুরী লুপাকে বিয়ে করেন।
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সরকারি কলেজ ও পরবর্তীতে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে অনার্স     
 মাস্টার্স  শেষ করে ১৯৯১ সনে পুলিশ বাহিনীতে এসআই পদে যোগ দেন দিপু। রোববার বাদ এশা শহরের পুরাতন কোর্ট মসজিদ প্রাঙ্গণের কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে জানাজা শেষে মা-বাবার কবরের পাশে গাজী’র দরগাহ্ গোরস্থানে দাফন করা হয় তাকে।
এর আগে ছোট ভাই চৌধুরী আবু জাবেদ নিপু ও বড় ভাই চৌধুরী মোহাম্মদ আবু সাঈদ গাড়ি থেকে মরদেহ নামানোর সময় কান্নায় ভেঙে পড়েন। এসময় উপস্থিত অনেকেই কান্না শুরু করলে হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়।
পার্শ্ববর্তী জামাইপাড়ার বাসিন্দা শেরওয়ানুল চৌধুরী বলেন,‘মুক্তিযুদ্ধের সংগঠক আসদ্দর আলী চৌধুরী’র পরিবার মহল্লায় ধর্মপ্রাণ পরিবার হিসাবেই পরিচিত। এই পরিবারের সদস্যরা সামাজিক এবং ক্রীড়ামোদী। আবু কয়ছর  দিপুও ছিলেন এক সময়ের শহরের বিখ্যাত মডার্ণ ক্রিকেট ক্লাবের অধিনায়ক। তাঁর মৃত্যুতে শোকাহাত সকলেই।’
শহরের হাসননগরের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান বলেন,‘১৯৭১ সনে সুনামগঞ্জ শহরের কয়েকটি বাসায় হানাদারেরা আগুন দিয়েছিল এর মধ্যে উল্লেখযোগ্য ছিল আসদ্দর আলী চৌধুরী’র বাসভবন। তাঁর সন্তান প্রাণ হারিয়েছে জঙ্গিদের বোমায়, এটি বড়ই কষ্টের ও বেদনাদায়ক।’
দিপুর স্কুল জীবনের সহপাঠি জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, দিপু ছোটবেলা থেকেই শান্ত, ভদ্র বিনয়ী ও খেলাধুলায় ভাল ছিল। আমেরিকায় স্থায়ীভাবে থাকার সুযোগ পেয়েও সে আভিজাত্যের জীবন ছেড়ে দেশে এসে মানুষের সেবায় দায়িত্ব পালন করেছে। দেশের পক্ষে কাজ করতে গিয়েই জঙ্গিদের হাতে প্রাণ হারিয়েছে। শুধু সেই নয়, তার পুরো পরিবারই দেশপ্রেমিক।
দিপুর ক্রিকেট খেলার সহপাঠি সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল বলেন,‘ দিপু আমার এক বছরের সিনিয়র ছিল। তবে সম্পর্কটা ছিল বন্ধুর মত। এক শহরে বড় হয়েছি, ক্রিকেট মাঠে এক সাথে খেলেছি। পুলিশে চাকুরী নিলেও মৃত্যুর সময় পর্যন্ত ছিল ধার্মিক মানুষ। কিছুদিন পুর্বে স্ত্রীসহ ওমরাহ হজ্ব করেছে। আমেরিকায় থাকতে পারত কিন্তু থাকেনি। দেশপ্রেমিক পুলিশ অফিসার ছিল দিপ্।ু ’
ক্রিকেটার আবু কয়সর দিপু’র খেলার সঙ্গী ও প্রতিবেশী সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক জিএস মোজাম্মেল হক চৌধুরী মুনিম বলেন,‘দিপু ভাই আমাদের বড় ভাই ছিলেন, বন্ধুও ছিলেন। তিনি সৎ পুলিশ অফিসার হিসাবে পরিচিত ছিলেন। অর্থের লোভ ছিল না তাঁর। ১০ বছর আগে স্ত্রী ফারহানা আক্তারের সঙ্গে যৌথ ডিভি পেয়ে কিছুদিন আমেরিকায় বসবাস করেন তিনি। পরে স্থায়ীভাবে দেশে ফিরে এসে আবারও পুলিশ বাহিনীতে  যোগ দেন। ২০১২ সনে জাতিসংঘ মিশনে তিনি সাহসিকতার সঙ্গে কাজ করেছেন এমন কথা তাঁর সহকর্মীদের কাছ থেকে শুনেছি আমরা।’
এই ঘটনায় ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুরের খাদিম শাহ (২৬) নামের আরেক যুবক নিহত হয়েছে। তার বাবার নাম ইসমাইল আলী। ৮ ছেলে ও ২ মেয়ের মধ্যে খাদিম শাহ্ ২য়। সে ডেকোরেটার্সের ব্যবসা করতো। ইসমাইল আলী সাংবাদিকদের বলেছেন,‘ডেকোরেটার্সের মালামাল আনার জন্য তার ছেলে সিলেটে গিয়েছিল।’
পুুলিশ সুপার হারুন অর রশিদ বলেন,‘চৌধুরী আবু কয়সরের মরদেহ রোববার বাদ এশা জানাজা শেষে পুলিশের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় সালাম প্রদানের পর তাঁর দাফন সম্পন্ন  হয়েছে।’
আবু কয়ছর দিপু’র জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানার ওসি মো. শহীদুল্লাহ্, ওসি (তদন্ত) মাসুক মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ প্রমুখ।

  • [১]