স্টাফ রিপোর্টার
গেল ৩০ ডিসেম্বর মন্ত্রী পরিষদের বৈঠকে অনুমোদন পায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি)। এই খবর শুনার পর পুরো সুনামগঞ্জের মানুষের মধ্যে চলছে আনন্দের জোয়ার। যার বহিঃপ্রকাশ ঘটে রোববার সকালে। সুনামগঞ্জের ১১টি উপজেলা থেকে আসতে শুরু করেন হাজারো মানুষ। সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেন প্রশাসনিক কর্মকর্তা, আইনজীবী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন উপজেলার রাজনৈতিক ও সরকারি দপ্তরের কর্মচারীবৃন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করতেই সুনামগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে নেওয়া হয় আনন্দ শোভাযাত্রা। সেই আনন্দ শোভাযাত্রা তৈরি হয় জনসমুদ্রে। হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই আনন্দ শোভাযাত্রা।
সকাল সাড়ে ১১ টায় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান জেলা প্রশাসকের কার্যালয়ে এসে উপস্থিত হলেই বের হয় আনন্দ শোভাযাত্রাটি। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান জাতীয় পতাকা হাতে নিয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সালাম ও হাত নাড়িয়ে প্রত্যেককে অভিবাদন জানান। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জ শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ছাতক উপজেলা থেকে আসা ফারুক হোসেন বলেন, আমার দেখা সুনামগঞ্জের সবচেয়ে বড় আনন্দ শোভাযাত্রা হলো এটি। খুব অল্প সময়ে এতো বড় কিছু আমরা পাব তা কল্পনার বাহিরে ছিলো। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাতে আমাদের আসা। শিক্ষাক্ষেত্রে সুনামগঞ্জ জেলায় আমুল পরিবর্তন আসবে।
ছাত্রলীগ নেতা সোহেল রানা বলেন, আনন্দ শোভাযাত্রায় একসাথে এতো মানুষের সমাগম খুব কম দেখেছি। সকল শ্রেণি পেশার মানুষ এসেছেন, শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করতে, বিষয়টি ভালো লাগছে কারণ বর্তমান সরকার উন্নয়নের সরকার। আর সেই উন্নয়নের উপর বিশ্বাস রেখেই আজকের এই বিশাল আয়োজন।