সু.খবর ডেস্ক
সিলেট বিভাগ থেকে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির প্রথম সদস্য কলিম উদ্দিন মিলন ও দিলদার হোসেন সেলিম সহ বিএনপির কেন্দ্রীয় কমিটির ২০ সহ-সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের চেয়ারপারসনের নির্দেশে এই নাম ঘোষণা করা হয়েছে বলেও জানান রিজভী।
এছাড়াও সংবাদ সম্মেলনে কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসাবে কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের নাম ঘোষণা করা হয়।
অন্য সহ-সাংগঠনিক সম্পাদকরা হলেন ঢাকা বিভাগে আবদুস সালাম আজাদ ও শহিদুল ইসলাম বাবুল, চট্টগ্রাম বিভাগে মাহবুবুর রহমান শামিম ও আবু হাশেম বক্কর, রাজশাহী বিভাগে আবদুল মুমিন তালুকদার খোকা ও শাহীন শওকত, খুলনা বিভাগে অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুন্ডু, বরিশাল বিভাগে আকন কুদ্দুস ও মাহবুবুল হক নান্নু, রংপুর বিভাগে শামসুজ্জামান ও জাহাঙ্গীর হোসেন, কুমিল্লা বিভাগে মোশতাক হোসেন ও আবদুল আওয়াল খান, ময়মনসিংহ বিভাগে শরিফুল ইসলাম ও ওয়ারেস আহমেদ মামুন, ফরিদপুর (প্রস্তাবিত) বিভাগে আলী নেওয়াজ খৈয়াম ও সেলিমুজ্জামান সেলিম।
সংবাদ সম্মেলনে আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার নিন্দা জানান রিজভী।