- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মুকুট ও পীর হাবিবের বিরুদ্ধে ইমনের মানহানির মামলা

স্টাফ রিপোর্টার
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার আসামী নিয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান এবং তথ্যটি অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশ করার অভিযোগে নুরুল হুদা মুকুট ও purboposhimbd.news-এর প্রধান সম্পাদক পীর হাবিবুর রহমান-কে বিবাদী করে ১০০ (একশ’) কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ আমিনুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক, জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ২৪ সেপ্টেম্বর, শনিবার বাদী হয়ে ঢাকার ১ম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি (নম্বর ৯০/২০১৬) দায়ের করেন। আদালত বাদীর দায়ের করা মামলাটি আমলে নিয়ে আগামী ৭ দিনের মধ্যে বিবাদীদের কারণ দর্শানোর নির্দেশপ্রদান করেন।
মামলায় উল্লেখ করা হয়, গত ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকীতে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট (আলতাফ স্কয়ার), কেন্দ্রীয় শহীদ মিনার এবং আবুল হোসেন মিলনায়তনে (বিডি হল) অনুষ্ঠিত পৃথক তিনটি শোকসভায় বিবাদী নুরুল হুদা মুকুট বলেন, “আমি একটি নতুন তথ্য জেনেছি, আপনাদের জেনে রাখা প্রয়োজন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুবাজপুরের আজিজ পাশা বঙ্গবন্ধু হত্যা মামলার চার্জশীটভুক্ত ৭ নম্বর আসামী, স্বপরিবারে জিম্বাবুয়ে গিয়ে উনি মারা গেছেন। এই আজিজ পাশা বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছাকেও মেরেছে। জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইমনের মামাই এই লে. কর্ণেল আজিজ পাশা।” তিনি আরো বলেন, “জাতির জনক বঙ্গবন্ধুর খুনি’র ভাগ্নেকে জেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক হিসাবে মেনে নেওয়া যায়না। সুনামগঞ্জবাসী ক্ষমা করতে পারে না।” গত ১৫ই আগষ্ট মামলার অপর বিবাদী সাংবাদিক পীর হাবিবুর রহমান, তার প্রকাশিত অনলাইন purboposhimbd.news -এ খরবটি প্রকাশ করেন, যার শিরোনাম ছিল- “মুকুটের বক্তব্যে সুনামগঞ্জে তোলপাড় জেলা আওয়ামী লীগ সেক্রেটারি ইমন বঙ্গবন্ধুর খুনি পাশার ভাগ্নে।” অন্যদিকে মামলার বিবাদী নুরুল হুদা মুকুট ও পীর হাবিবুর রহমানের ইন্ধনে তাদের অনুসারী লোকজন ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাদীকে জড়িয়ে অনবরত মানহানিকর বক্তব্য প্রকাশ ও পোষ্ট দিতে থাকে। সংবাদটি অনলাইন ওয়েব নিউজ পোর্টাল, সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু হত্যা মামলা রাষ্ট্র কর্তৃক পরিচালিত রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ মামলা। বাদী নিজে এই মামলায় রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধুর খুনি আজিজ পাশার সাথে বাদীকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট বক্তব্য প্রদান এবং তা সংবাদপত্রে প্রকাশ দেশ-বিদেশে বঙ্গবন্ধু হত্যা মামলার ভাবমূর্তিকে ক্ষুন্ন করেছে বলে বাদী মামলায় উল্লেখ করেন বলে প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

  • [১]