তাহমিনা জান্নাত
ক্ষোভ প্রশমনে এবার দাওয়াই দেয়া হবে। মলম লাগানো হবে কাটা শরীরে। দাওয়াই আর মলম তৈরি হচ্ছে প্রশাসনিক সভাকক্ষে, রাজনৈতিক দলের অফিসে, নেতাদের বাসায়। মলম ও দাওয়াইর নাম পাউবো-ঠিকাদারদের বিরুদ্ধে বিষোদগার, তদন্ত কমিটি গঠন, কৃষকদরদী কথাবার্তা। চিকিৎসার আপাত উদ্দেশ্য হলো ফুঁসে উঠা কৃষক বিক্ষোভকে বিস্ফোরণের মুখ থেকে উদ্ধার করা, ঠিকাদার-পাউবোকে গণরোষের হাত থেকে বাঁচানো। দীর্ঘ মেয়াদী উদ্দেশ্য হলো হাওর দুর্নীতির চিরাচরিত ঐতিহ্যকে রক্ষা করা। চিকিৎসাপরবর্তী রোগীর দেহে রোগের যেসব লক্ষণ ফুটে উঠবে তা এরকম প্রচ- অভাবপীড়িত হবে কৃষক, ঋণ পরিশোধের জন্য ঘরের সম্পদ, গরু, জমি, টিনের চাল, বউ ঝির অলংকার এসব বিক্রি করবে। জীবিকার খোঁজে কৃষকরা দলে দলে ঢাকার গার্মেন্টস ফ্যাক্টরি অথবা ভোলাগঞ্জ পাথর কুয়ারিতে কাজ খুঁজতে বেরোবে। সস্তামূল্যে শ্রম বিক্রি করবে; একইসাথে জীবনী শক্তিও। যারা কাজ পাবে না তারা মরার মত বেঁচে থাকবে।
এবারের অকাল অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে ফসল হারানো সুনামগঞ্জের কৃষকদের এই যে সর্বনাশের পা-ুলিপি তৈরি হলো সেখানে ঢুকবেন আরো কুশীলব। ত্রাণ আসবে, কৃষি সহায়তা আসবে (আসবে কি?)। এগুলো ভাগ-বণ্টক করে নিতে আসবে ছোট ও মাঝারী মাপের আরেক দল লুটেরা। এদের দারিদ্রতা ঘুচবে। জিন্দাবাদ.. জয়ধ্বনি.. দিতে এদের গলার জোর ও জোশ বাড়বে। বাঁধের মহালুটেরাদের এইসব পাতি লুটেরারা পা ছুঁয়ে সালাম করে বলবে, ওস্তাদ বছর বছর এমন হোক। তারা গদগদ কণ্ঠে গান গাইবে, বছর বছর দুর্নীতি বছর বছর সমৃদ্ধি। এই না হলে ঠিকাদার এই না হলে নেতা। ঠিকাদার জামা পালটে কেমনে দরদী সাজেন সেই অভিজ্ঞতা হবে এবার সকলের।
রাষ্ট্র উচ্ছসিত হবে সস্তা শ্রমে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো ফুলে ফেপে উঠবে বলে। বাহবা দিবে মোড়ল পূঁজিপ্রধানরা। বাহ্ বাংলাদেশ, তুমিই তো উন্নয়নের মডেল। তোমাদের বানানো পোশাক এক ডলার দিয়ে আমরা সেটি হাইটেক শোরুমে পাঁচ ডলারে বিক্রি করে অর্থনীতির গোড়া শক্ত করছি, তোমরা ওই অগ্রগতির সুযোগ্য অংশীজন। তোমরাই পাবে অর্থনীতির নোবেল পুরষ্কার। ওহ হো.. ওটি তো একবার দেয়া হয়ে গেছে তোমাদের একজনকে। বারবার দিলে সমালোচনা হবে। দেখি তোমাদের এই অবদানের কী মূল্যায়ন করা যায়। গণতন্ত্রকে মুলোর মতো ঝুলিয়ে কী করে গাজীর গীত গাইতে হয় তার সা-রে-গা-মা না হয় শিখিয়ে দিব।
ফিবছর দুর্যোগে দুর্বিপাকে ফসল হারিয়ে কৃষক ক্রমশ শ্রমদাসে পরিণত হবে আর বাংলার সুজলা সুফলা শস্যপ্রান্তর গ্রাস করে নিবে কর্পোরেট মোগল। ওরা কৃষিকে শিল্প ঘোষণা করবে। জমির
মালিক আবার নিজের জমিতে সস্তায় শরীর বিকোবে। উৎপাদিত ধান প্যাকেটজাত হবে। নামকরণ হবে বাহারী। বিক্রি হবে ১০০ টাকা কেজি দরে আমার মানুষের কাছে। ধেই ধেই করে নাচব আমরা। কী উন্নতি কী উন্নতি বলে বলে। আকাশের সূর্যকে ফুটবল বানাব, কমনীয় চাঁদকে করব কানগোলক, বিন্দুকে সিন্ধু করে কৃষকের বন্ধু উপাধি দিয়ে তার চামড়ায় তা-ধিন তা-ধিন নাচব। আরও কতকীছু করব কে জানে।
কৃষি ও কৃষক হবে ইতিহাসের পাতার একলাইনের টিকা। সারমর্ম নেই, ভাবসম্প্রসারণ নেই। শুধুই একটি সংক্ষিপ্ত টিকা মাত্র। লেখা হবে, এদেশে একদা আমাদের পূর্বপুরুষরা কৃষক ছিলেন। শিল্পায়নের চুলোয় কাঠকয়লা হয়ে তারা নিজেদের পরিচয় বিসর্জন দিয়ে এখন হাওর জাদুঘরে আশ্রয় নিয়ে আছেন। তখন হাওর দুর্নীতির ঠিকাদারদের দেখা যাবে শিল্পপতির তকমা লাগানো বলশালী ষাড়ের মতো পরাক্রমী। ওরা প্রণম্য, ওদের খুরে খুরে সালাম।