- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মুক্তিবাহিনীর মনোবল বঙ্গবন্ধুর অমর বাণী- লন্ডনে আসাদুজ্জামান নূর

লন্ডন প্রতিনিধি
‘‘জাতির পিতার সাতই মার্চের ভাষণই ছিল স্বাধীনতার প্রকৃত ঘোষণা, বঙ্গবন্ধুর ৭ তারিখের ভাষণের পর দেশের মানুষ মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে, গ্রামে গঞ্জে শুরু হয় ট্রেনিং, দেশের বিভিন্ন স্থানে পাকিস্তান বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয় সাধারণ মানুষ, কারণ ‘বঙ্গবন্ধু বলেছেন যার যা কিছু আছে তা নিয়ে রুখে দাঁড়াও শত্রুর মোকাবেলা কর’’ এই ভাষণ শুনে আমি ঢাকা থেকে ৮ মার্চ আমার নিজ এলাকায় চলে যাই এবং ৯ তারিখ আমরা ট্রেনিং নিতে শুরু করি। ২১ মার্চ দিনাজপুরে তৎকালীন বাঙালি ইপিআর সদস্যরা পাকিস্তানি সৈন্যদের হত্যা করে সমগ্র এলাকা তাদের দখলে নেয়, তাদের সাথে অংশ নেন দেশের সাধারণ মানুষ। এটাই বাস্তব সত্য।  এটি শুধু দিনাজপুর নয় সমগ্র বাংলাদেশে মানুষ ৮ তারিখ থেকে যুদ্ধ শুরু করে।’’
এ মন্তব্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের। তিনি লন্ডনে চতুর্থ বঙ্গবন্ধু বই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে একথা বলেন। আসাদুজ্জামান নূর বলেন, যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল এর বেশীর ভাগ মানুষই ছিল কৃষক শ্রমিক, আমাদের মতো কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়–য়ার সংখ্যা ছিল কম। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অবদান বেশী। একটি প্রশিক্ষিত সেনাবাহিনীর সাথে মাত্র একটি ত্রিনট-ত্রি রাইফেল নিয়ে যুদ্ধ করেছে দেশের মুক্তিবাহিনী, মনোবল বঙ্গবন্ধুর অমর বাণী। বঙ্গবন্ধু ছিলেন অবিংবাদিত নেতা দলমত নির্বিশেষে দেশের মানুষ তার ডাকে সাড়া দিয়ে যুদ্ধে অংশ নেন। তিনি বলেন, আজীবন অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তার অসমাপ্ত আত্মজীবনী না পড়লে অনেক কিছুই আমাদের অজানা থেকে যেত। একটি মহল  বাংলাদেশকে উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করতে চাইছে। সত্যিকার জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। তিনি দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে বলেন বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে, একটি মহল উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে চায়।  
১৭ মার্চ রাতে রেডব্রীজ টাউন হলে প্রবীণ সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু বই মেলার অন্যতম আয়োজক সাংবাদিক বুলবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ, বঙ্গবন্ধু রিসার্চ সেন্টারের প্রেসিডেন্ট ও বইমেলার আয়োজক আনোয়ারুজ্জামান চৌধুরী, বইমেলার অন্যতম আয়োজক প্রশান্ত বড়–য়া, বাংলাদেশ থেকে আগত প্রকাশক মাজহারুল ইসলাম ও কামরুল হাসান। সভায় বক্তারা বলেন বৃটেন সহ ইউরোপে বসবাসরত আমাদের নবপ্রজন্ম এবং বিদেশীরা যাতে বঙ্গবন্ধুকে জানতে পারে এই জন্যে আমরা গেল তিন বছর ধরে লন্ডনে বঙ্গবন্ধু বই মেলা করে আসছি। আগামী বছর এটি লন্ডন সহ বৃটেনের বিভিন্ন শহর এবং সমগ্র ইউরোপ ব্যাপী ছড়িয়ে দেয়া হবে। বাংলার পাশাপাশি ইংরেজি ফ্রান্স সহ অন্যান্য ভাষাতে বঙ্গবন্ধুর আত্মজীবনী সহ মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের অনুবাদ হচ্ছে।  জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, বইমেলা চলবে ১৯ মার্চ পর্যন্ত, এবছর মেলার শেষ দিনে একহাজার কপি বঙ্গবন্ধুর আত্মজীবনী বিনা মূল্যে বিতরণ করা হবে। মেলার অন্যতম আয়োজক জামাল খানের সমাপনী বক্তব্যের মাধ্যেমে আলোচনা সভার সমাপ্তি ঘটে।

  • [১]