স্টাফ রিপোর্টার
‘বাংলাদেশ এখন উন্নয়নের মহাযজ্ঞ চলছে। দেশের অর্থনৈতিক অবস্থা এখন অনেক শক্তিশালী। আমরা স্বাধীনতার সুর্বণ জয়ন্তী পালন করছি, এটি আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে সারাজীবন। আগামী প্রজন্মকে জাতির পিতার মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সুর্বণ জয়ন্তী সম্পর্কে জানাতে হবে। স্বাধীনতার সুর্বণ জয়ন্তীতে একাত্তরের আমাদের সেই অগ্নিঝরা দিনগুলোর কথা আমাদের উজ্জীবিত করে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে আমাদের আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় তৈরি করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের দেশকে এগিয়ে নিতে হবে।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিল্পীকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন। আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার উল হালীম।
সুনামগঞ্জ জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার সুভাশীষ ধর, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুক্তরাজ্যে লিঢস আওয়ামী লীগের সভাপতি দিলাউর রহমান মুজিব প্রমুখ।
সভা শেষে স্পন্দন সাংস্কৃতিক সংগঠন, লোকদল শিল্পগোষ্ঠী, সুনামগঞ্জ কালচারাল ফোরামের শিল্পীরা একক গান, দলীয় নৃত্য, দলীয় গান ও কবিতা আবৃত্তি করেন।