স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আবদুল বারী (৮৭) আর নেই। তিনি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় পৌর শহরের হাসননগর এলাকার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। মো. আবদুল বারী আমেরিকা প্রবাসী সুনামগঞ্জের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও গীতিকার ইশতিয়াক রুপুর বাবা।
শুক্রবার জুমার নামাজের পর আবদুল বারীর প্রথম জানাজার নামাজ শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে বিকালে তাঁর গ্রামের বাড়ি জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের উমেদনগর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
মুক্তিযুদ্ধের সংগঠক মো. আব্দুল বারী’র মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাড. খায়রুল কবির রুমেন পিপি এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনূর আলী।