- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মুক্তিযুদ্ধে বিজয়ী সত্যি কিন্তু সমাজ জীবনে পরাজিত সৈনিক

আলী আমজাদ (অ্যাডভোকেট)
বিট্রিশ উপনেবেশিক আমলের ১৯০ বছর এবং পরবর্তীতে পাকিস্তান আমলের ২৩ বছর বাঙালিরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল। ১৯৪৭ সাল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম নেয়। পাকিস্তান জন্মের সূচনালগ্নে শাসকগোষ্ঠী শুরু করে বাঙালির উপর এক গভীর ষড়যন্ত্র। পাকিস্তানিদের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সেদিনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ। যার নেতৃত্বে ছিল সেদিনের সাহসী তরুণ বিপ্লবী ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান। সেদিন থেকে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের স্বৈরশাসন, অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে বাঙালি জাতিকে ধাপে ধাপে ঐক্যবদ্ধ করে তোলে। তারই ধারাবাহিকতায় ১৯৭০ সাল জাতীয় নির্বাচনে বিপ্লবী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে  নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হলেও পাকিস্তানী শাসকগোষ্ঠী দেশের ক্ষমতা না দেওয়ার কারণে শুরু হয় মুক্তিযুদ্ধ। মূলত ১৯৭১ সালের ৭ মার্চ স্বাধীনতার কথা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় সুকৌশলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন। আমি তখন একজন ছাত্রলীগের কর্মী হিসেবে সেদিনের লক্ষ লক্ষ মুক্তিকামী জনতার মাঝে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ শোনার সৌভাগ্য ছিল।
পাকিস্তানের স্বৈরশাসক ইয়াহিয়া খান বঙ্গবন্ধুর নির্বাচনে বিজয়ী হওয়ার পর ক্ষমতা হস্তান্তর না করে ইয়াহিয়া আর ভুট্টোর ষড়যন্ত্রে ২৫শে মার্চ কালো রাতে পাকিস্তান হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশলাইনসহ বিভিন্ন স্থানে অতর্কিতভাবে শুরু করে গণহত্যা। ২৬ শে মার্চ রাতের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার কথা ঘোষণা করেন। স্বাধীনতা ঘোষণার পর পরই বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। এ সংবাদ প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে বাঙলার আপামর জনতা বুকভরা স্বাধীনতার স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধুর নির্দেশে রুখে দাঁড়ায় হানাদার বাহিনীর বিরুদ্ধে। শুরু হয় মুক্তিযুদ্ধ।
মুক্তিযুদ্ধের শুরুতেই আমি আমাদের এলাকার আনসার কমান্ডার দারোগা আলীর নেতৃত্বে যুবকদেরকে নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করিতে থাকি। প্রশিক্ষণ নেওয়ার সময় হঠাৎ করে একজন লোক এসে আমাকে বলে যে, তোমাকে জয়শ্রী বাজারের লঞ্চঘাটে একজন ভদ্রলোক অপেক্ষা করছেন। আমিও তখন সঙ্গে সঙ্গে লঞ্চে এসে সেই ভদ্রলোকের সঙ্গে দেখা করি। তিনি আমাকে দেখে বললেনÑ তুমি কি আমজাদ? আমি বললাম জি হ্যাঁ। তখন তিনি নিজের পরিচয় দিয়ে বললেন, আমি এম,এন,এ আব্দুল হামিদ (বর্তমান রাষ্ট্রপতি), তোমাকে কাল সকালেই মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য ট্যাকেরঘাট যেতে হবে। আমি পরেরদিন ভোরে আমার একান্ত প্রিয় আরেক যুবক জিয়া উদ্দিনকে সঙ্গে নিয়ে মা, বাবা, ভাই, বোন কাউকে না বলে এক অজানা-অচেনা ট্যাকেরঘাট যাওয়ার জন্য যাত্রা করি। আমরা দু’জনের হাতে মাত্র ১০-১২ টাকার মতো আছে। অনেক কষ্ট করে ট্যাকেরঘাট পৌঁছি। সেখানে আওয়ামী লীগ নেতা আব্দুজ জহুর এমপি, আওয়ামী লীগ নেতা হোসেন বখতসহ আরো অনেক নেতাদের সঙ্গে পরিচয় ঘটে। তারা আমাদের থাকার ব্যবস্থা করে। আমরা যুদ্ধের প্রশিক্ষণ নেওয়ার জন্য প্রস্তুতি নেই। ঠিক সেই মুহূর্তে পরিচয় হয় শহীদ জগৎজ্যোতি দাস, শহীদ সিরাজসহ আরো অনেকের সঙ্গে। আমি দলনেতা হিসেবে ১০০ জন সহযোদ্ধাকে নিয়ে ভারতের ইকোওয়ান নামক প্রশিক্ষণ কেন্দ্রের দিকে যাত্রা করি। যাওয়ার পথে আমাদের গাড়িটি হঠাৎ করে উঁচু পাহাড় হতে নিচের দিকে পড়ে যায়। ভাগ্যবশত গাড়িটি ১০-১২ ফিট নিচে গাছের সঙ্গে আটকে যাওয়ায় আমরা বেঁচে যাই কিন্তু গুরুতরভাবে আহত হই। গাছে গাড়িটি আটকা না পড়লে অনেক অনেক নিচে চলে যেতো এবং আমরা সকলই মারা যেতাম। আমার সঙ্গীরা আমাকে এবং চিত্তকে গুরুতর আহত অবস্থায় শিলং সামরিক হাসপাতালে রেখে প্রশিক্ষণ কেন্দ্রে চলে যায়। আমরা দু’জন কিছুটা ভালো হয়ে প্রশিক্ষণকেন্দ্রে চলে আসি। প্রশিক্ষণ শেষে ট্যাকেরঘাট সাব-সেক্টরে চলে আসি। তখন সাব-সেক্টরের দায়িত্বে ছিলেন বাবু সুরঞ্জিত সেন গুপ্ত এমপি। আমি, জগৎজ্যোতি, সিরাজসহ সকলের সঙ্গে এক গভীর সম্পর্ক গড়ে উঠে। জগৎজ্যোতি আমাকে মামু বলে ডাকতো আর সিরাজ বড় ভাই বলে ডাকতো। আমি এলএমজি চালাতাম, জগৎজ্যোতি রকেট লাঞ্চার ও এলএমজি চালাতো। আমরা হানাদার বাহিনীর বিরুদ্ধে অনেক সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছি। তাহিরপুর সদর থেকে রাতের অন্ধকারে ব্যাংকারে ঢুকে জীবন্ত রাজাকার ধরে নিয়ে এসেছি। সম্মুখযুদ্ধে সহযোদ্ধাদের মৃত্যুর যন্ত্রণা কাছে থেকে দেখেছি।
নতুন প্রজন্ম আজও জানে না মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। তার কারণ একটাই অনেক নতুন নতুন মুক্তিযোদ্ধা লেখক ও গবেষক যারা একদিনও মুক্তিযুদ্ধে অস্ত্রধারণ করেননি তারা নিজেদের মনগড়া মতে কখনও মুক্তিযুদ্ধের উপর বই প্রকাশ আবার কখনও খবরের কাগজে ধারাবাহিকভাবে মুক্তিযুদ্ধের অসত্য ইতিহাস প্রকাশ করে নতুন প্রজন্মকে বিব্রতকর করে তোলছে। শুধু তাই নয় মুক্তিযোদ্ধাদের ২০% মুক্তিযোদ্ধা হানাদার বাহিনীর বিরুদ্ধে জীবন তুচ্ছ করে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেছে। আর বাকিরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। স্বাধীনতার পর আরো অংসখ্য ভুয়া মুুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হওয়ায় তাদের যন্ত্রণায় ও মিথ্যা প্রচারের কারণে ২০% মুক্তিযোদ্ধারা আজ কোনঠাসা।
৮ মার্চ দৈনিক সুনামকণ্ঠে প্রকাশিত জামালগঞ্জে পাকসেনাদের আক্রমণের মুখে মুক্তিযোদ্ধারা টিকতে না পেরে চলে যাওয়ায় হানাদার বাহিনী হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ইত্যাদি বর্ণনার কথা সম্পূর্ণ অসত্য। ১১ মার্চ দৈনিক সুনামকণ্ঠে তাহিরপুর গণহত্যার বিষয়ে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে তা সত্য নয়, এবং ওইদিন আশপাশের গ্রামে হত্যা ধর্ষণ লুণ্ঠন ও অগ্নিসংযোগের কথা সঠিক নয়। ফলে এ সমস্ত অসত্য লিখা মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবিশ্বাস্য করে তোলছে। আমি এ সমস্ত লেখকদের অনুরোধ জানাবো, যদি মুক্তিযুদ্ধের ইতিহাস প্রকাশের একান্ত ইচ্ছে থাকে তাহলে নিজেদের মুক্তিযুদ্ধের বর্ণনা, পিতা-মাতা, পরিবারের ভূমিকা কি ছিল তার বর্ণনা প্রকাশ করা আবশ্যক। কারণ আমরা জানি কিছু কিছু মুক্তিযোদ্ধাদের পিতা কুখ্যাত রাজাকার ছিল। আবার কিছু কিছু মুক্তিযোদ্ধা হানাদার বাহিনীর নিকট আত্মসমর্পণ করে মুক্তিযুদ্ধের ভীষণভাবে ক্ষতি সাধন করেছে। আমাদের গ্রাম এলাকায় একটি প্রবাদ আছেÑ ‘কানার মনে মনে জানা’ অর্থ হলো মুক্তিযোদ্ধা কার কার পিতা রাজাকার ছিল আর কে কে আত্মসমর্পণ করেছে তারাও কিন্তু বুঝতে পেরেছে প্রয়োজনে ভবিষ্যতে তাও প্রকাশ পাবে। লেখকদের মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদের পুরোপুরি পরিচয় প্রকাশ করা খুবই প্রয়োজন। যুদ্ধাপরাধীদের মতো যে সমস্ত মুক্তিযোদ্ধা হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে তাদেরও বিচার হওয়া আবশ্যক।
আমরা মুক্তিযুদ্ধারা শুধু যুদ্ধ করে কোনও অবস্থায়ই ১৬ই ডিসেম্বর বাংলার মাটিতে স্বাধীনতার পতাকা উড়াতে পারতাম না। যদি না অস্থায়ী সরকারের রাজনৈতিক ভূমিকা জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচালিত না হতো এবং বাঙালি দেশপ্রেমিক বুদ্ধিজীবী ও দেশোপ্রেমিক কণ্ঠশিল্পীর কণ্ঠে বাঙলার স্বাধীনতার গান গেয়ে মুক্তিযোদ্ধাদেরকে জাগ্রত করে না তুলতো। গান গেয়ে আমরা মুক্তিযোদ্ধাদেরকে জাগ্রত এবং সাহসী করে তুলি। তাঁদের অবদানের কথা মুক্তিযোদ্ধাদের মতোই স্বাধীনতার ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। তাদের কথাও নতুন প্রজন্মের কাছে তোলে ধরা আবশ্যক। মুক্তিযুদ্ধে অস্থায়ী সরকারের পক্ষে বঙ্গবন্ধুর একান্ত কাছের লোক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কুটনীতিবিদ মরহুম আব্দুস সামাদ আজাদ এবং বিচারপতি আবু সাঈদ চৌধুরী সারা বিশ্বজগতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন জোগানোর জন্য বিচরণ করেছেন। অস্থায়ী সরকারের রাজনৈতিক কারণেই ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্ধিরা গান্ধি মুক্তিযুদ্ধে সাহার্য্যরে হাত বাড়িয়ে দেন। শুধু তাই নয় কয়েক কোটি মানুষকে জায়গা, খাওয়া এবং চিকিৎসা দিয়ে এমন কি অস্ত্র ও তার লোকজন দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ সফল করে তোলেন। মুক্তিযুদ্ধে তাদের অনেক সেনাকেও জীবন দিতে হয়েছে। এ জন্য আমরা শ্রীমতি ইন্ধিরা গান্ধী এবং ভারতের সাধারণ মানুষের কাছে চিরঋণী। তাদের অবদানের কথাও আজ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আবশ্যক। এ অবস্থায় ভারত সরকার সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছে। ৭ ডিসেম্বর একইভাবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
এমন সময় প্রেসিডেন্ট নিক্সন তার সপ্তম নৌবহরকে আমাদের যুদ্ধের বিরুদ্ধে বঙ্গপোসাগরের দিকে যাত্রা করা জন্য নির্দেশ দেয়। আর তখনই ২০টি সুভিয়েত রণতরী বাংলার স্বাধীনতার জন্য ভারত মহাসাগরে অবস্থান নেয়। যার কারণে সপ্তম নৌবহর আর অগ্রসর হতে পারেনি। সর্বশেষ সোভিয়েত ইউনিয়ন ও ভারত সরকার এবং মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আক্রমণ ও বিমান হামলায় হানাদার বাহিনী পরাজয়বরণ করে ১৬ই ডিসেম্বর আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আর সেদিন বাঙলার পবিত্র মাটিতে বাঙলার বিজয়ের পতাকা পত পত করে উড়তে থাকে।
আমি শহীদ মুক্তিযোদ্ধা এবং কণ্ঠশিল্পীদের স্মরণে বলে যেতে চাই,
যাঁরা গেয়েছে বাঙলার গণ-মানুষের ভাটিয়ালি, বাউল, আর কীর্তন
তাঁরা গেয়েছে খাঁটি সোনার চেয়ে খাঁটিও আমার দেশের মাটি।
শহীদদের মৃত্যুযন্ত্রণা দেখার আমি একজন জীবন্ত স্বাক্ষী হিসাবে প্রতিদিন মধ্যরাতে সহযোদ্ধা জগৎজ্যোতি দাস, সিরাজ আর আরশ আলীকে স্বপ্ন দেখে চিৎকার দিয়ে বলে উঠি ‘এসো হে বন্ধু বাঙলার মাটিতে স্বাধীনতার পতাকা উড়াই।’
আরও বলে যেতে চাই
সহযোদ্ধাদের মৃত্যুকে আমার বুকে আগুনের ফুলকা জ্বলে
জ্বলছে আর জ্বলছে, আমি দেখতে পাচ্ছি তাদের বুকের রক্তকণা
তাই আবারও বলে যেতে চাই এসো হে নতুন প্রজন্ম আর একবার জেগে উঠো
সুরমা নদীর তীরে জ্যোৎ¯œার আলোতে আগুনের ফুলকির মতো,
ফিরে দেখো সেদিনের রক্তঝরা সুরমা নদীর জলে

  • [১]