সু.খবর ডেস্ক
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও জাতির পিতার বিরুদ্ধে অপপ্রচার চালালে বা তাতে মদদ দিলে যাবজ্জীবন কারাদ- ও সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানার বিধান রেখে ‘ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৬’ এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া বিভিন্ন ধরনের সাইবার অপরাধের জন্য সর্বোচ্চ ১৪ বছর কারাদ- ও এক কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে এই আইনের খসড়ায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘ডিজিটাল নিরাপত্তা আইন- ২০১৬’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম এসব তথ্য জানান।
এর আগে নয়া এই আইন প্রণয়নের উদ্দেশ্য সম্পর্কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ব্যক্তি, পারিবারিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে নিরাপদ ডিজিটাল সেবা নিশ্চিত করা এবং সাইবার অপরাধ দমনের জন্যই এ আইন প্রণয়ন করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘গত কয়েক বছরে দেশে সামগ্রিক ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। এ কারণে প্রযুক্তির নিরাপদ ব্যবহারের বিষয়টিও জরুরি হয়ে পড়েছে।’