- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের উদ্যোগ মুক্তিযোদ্ধা সিকন্দর আলীর পরিবারকে অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আয়োজনে প্রয়াত মুক্তিযোদ্ধা সিকন্দর আলীর পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রবিবার সন্ধ্যায় দৈনিক সুনামগঞ্জের খবর অফিসে এই অনুদান প্রদান করা হয়।
অনুদান দেয়ার আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে। প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহ্বায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু।   সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা উদীচী’র সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজী নুরুল মোমেন, লেখক ও শিক্ষক মশিউর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর,  মুক্তিযোদ্ধা উজির মিয়া, অ্যাড. প্রসেনজিৎ দে, সাংস্কৃতিক সংগঠক অঞ্জন চৌধুরী, জেলা যুব ইউনিয়নের সভাপতি অ্যাড. এনাম আহমেদ, সাংবাদিক অ্যাড.খলিল রহমান, সাংবাদিক শাহজাহান চৌধুরী, শামছুল কাদির মিসবাহ্ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের সময় পাইওনিয়ার কোম্পানীর সাহসী মুক্তিযোদ্ধাদের জড়ো করে দায়িত্ব দেয়া হয়েছিল ডাবরের ব্রীজ ও জাউয়ার ব্রীজ ধ্বংস করার জন্য। পরে এই দুই ব্রীজ ধ্বংস করে দেয়া হয়। এই অপারেশনে ছিলেন মুক্তিযোদ্ধা সিকন্দর আলী। পরে আবারও দায়িত্ব দেয়া হয় ছাতকের ব্রীজ ধ্বংস করার জন্য। সেটাকেও উড়িয়ে দেন বীর মুক্তিযোদ্ধারা। বাঁশতলার তিন দিনের অপারেশনে সক্রিয় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা সিকান্দর আলী’।
বজলুল মজিদ খসরু বলেন,‘মুক্তিযোদ্ধা সিকন্দর আলী অসুস্থ হলে আমরা সুনামগঞ্জের খবর অফিস থেকেই কয়েকজন তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম, আমাদের সঙ্গে থাকা ঢাকার গার্মেন্টস ব্যবসায়ী শ্যামল রায় তাঁর হাতে ৫ হাজার টাকা ও একটি কম্বল তুলে দিয়েছিলেন। এই বিষয়টি আমি ফেইসবুকে দেবার পর ও দৈনিক সুনামগঞ্জের খবরে ছাপা হবার পর অনেকেই মুক্তিযোদ্ধা সিকন্দর আলীকে সহায়তার জন্য টাকা পাঠান। এই টাকা সিকন্দর আলীর হাতে তুলে দেবার সময় পাওয়া যায়নি, তিনি মারা যান। তাঁর মোট ৪৫ হাজার টাকা আমার কাছে ছিল। আমি এই টাকা দিয়ে তাঁর স্ত্রীকে একটি সেলাই মেশিন কিনে দিয়েছি এবং বাকী ৩৮ হাজার টাকা নগদ তুলে দেওয়া হলো’।
আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সিকান্দর আলীর স্ত্রীর হাতে নগদ ৩৮ হাজার টাকা ও সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

  • [১]