- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মুক্তিযুদ্ধ- স্বাধীন বাংলার মুক্তিযুদ্ধের সূতিকাগার সেই চায়ের দোকানের আড্ডা আর নেই

আলী আমজাদ
সেদিনের গভীর রাতে চায়ের দোকানের সেই আড্ডাটা আজ আর নেই। কোথায় হারিয়ে গেলো সে দিনের স্বাধীনতার পরিকল্পনাকারী সূর্য সৈনিকরা। বাংলার স্বাধীনতা অর্জনের স্মৃতিবিজড়িত ইতিহাস আছে, যা আজো প্রকাশ পায়নি। কিছু নোংরা রাজনীতির পদচারণায় পঙ্কিলতার আবরণে হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে স্বাধীনতার সেই ঐতিহাসিক চায়ের দোকানের আড্ডার স্মৃতিগুলো। যাঁরা সেখানে বসে রাতের পর রাত আড্ডার ছলে স্বাধীনতার পরিকল্পনা গ্রহণ করতেন। সে দিনের চায়ের দোকানগুলো আজ আর নেই।
১৯৫৮ সালে পাকিস্তানের সামরিক প্রধান ফিল্ড মার্শাল আইয়ুব খান দেশে ‘মার্শাল ল’ জারী করে বাঙালিদেরকে ক্ষমতাচ্যুত করে পাকিস্তানের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করে। তখনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অনেক নেতাকর্মীর ঠাঁই হয় জেলখানায়। বঙ্গবন্ধু জেল থেকে মুক্তি পেয়ে ১৯৬১ সালে  চিত্তরঞ্জন সূতার, সেরনিয়াবাত ও রুহুল কুদ্দুছকে নিয়ে সশস্ত্র আন্দোলনের মাধ্যমে পূর্ব বাংলাকে স্বাধীন করার লক্ষ্যে একটি গোপন সংগঠন ‘পূর্ব বাংলা মুক্তিফ্রন্ট’ গঠন করেন। পূর্ব বাংলা মুক্তিফ্রন্টের দায়িত্ব বাস্তবায়ন করার জন্য ১৯৬২ সালে ‘নিউক্লিয়াস’ নামে নতুন সংগঠন গঠন করা হয়।
এসময় পাকিস্তানীরা পূর্ব বাংলাকে নেতৃত্ব শূন্য করার জন্য এক গভীর ষড়যন্ত্রে মেতে উঠে আর ঠিক তখনই বঙ্গবন্ধুর প্রেরণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন মেধাবী ছাত্রলীগ নেতা স্বাধীনতার জন্য পরিকল্পনা গ্রহণ করেন। তারা সংখ্যায় ছিল মাত্র তিন জন। তারা প্রায় রাতেই তখনকার পল্টন আউটার স্টেডিয়ামের ভলিবল স্টেডিয়ামের গ্যালারিতে বসে বৈঠক করতেন। নিউক্লিয়াস বা স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ যা মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনী নামে নামকরণ করা হয়। পাকিস্তানের সকল গোয়েন্দা সংস্থাকে ফাঁকি দিয়ে ছাত্রলীগের তিন ছাত্র
নেতা স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়নের জন্য কাজ শুরু করেন। তিন ছাত্রনেতারা হলেন সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, কাজী আরেফ আহমেদ। পল্টন ময়দান এলাকায় কয়েকটি চায়ের দোকানে বসতেন তাঁরা। এসব চায়ের দোকানে বসে গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে স্বাধীন বাংলা প্রতিষ্ঠার কৌশলগত কর্মসূচি গ্রহণ করা হতো। এমন আড্ডা একেক দিন একেক চায়ের দোকানে বসতো। চায়ের দোকানগুলো নীলক্ষেতের আব্দুল কাদেরের আনোয়ারা রেস্টুরেন্ট, মেডিকেল হোস্টেলের নিকট পপুলার ক্যাফে কাশ রেস্টুরেন্ট, তোপখানা রোডে গুলনাহার ও ইছমত রেস্টুরেন্ট। এসমস্ত ইতিহাসের সাক্ষী চায়ের দোকানগুলো আজ আর নেই। পরবর্তী পর্যায়ে এ সংগঠনে যোগদান করেন শেখ ফজলুল হক মনি, তোফায়েল আহমেদ, মার্শাল মনি, শাহজাহান সিরাজ, সুধীর কুমার হাজরা, আসম আব্দুর রউফ, আব্দুল কুদ্দছ মাখন, নূরে আলম ছিদ্দিকি, কাজী ফিরোজ রশিদ, কামরুল আলম খান খসরু, এনায়েতুর রহমান প্রমুখ। এসব মেধাবী ছাত্রনেতাদের নেতৃত্বে বেঙ্গল লিবারেশন ফোর্স গঠন করা হয়। যা বিএলএফ নামে পরিচিত ছিল। বিএলএফ পরিচালনার দায়িত্বে ছিলেন সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, শেখ ফজলুল হক মনি, কাজী আরেফ আহমদ। বিএলএফ’র গোয়েন্দা বাহিনীর প্রধান ছিলেন কাজী আরেফ আহমদ। তারা অতি গোপনে স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলতে থাকেন। এসময় বঙ্গবন্ধুর ছয় দফা ঘোষণায় সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে তোলে। এসময় পাকিস্তানী ভাবধারার কিছু শক্তিশালী নেতা বঙ্গবন্ধুর প্রতিপক্ষ হয়ে উঠেন। তাদের মধ্যে ফজলুল কাদের চৌধুরী, খান এ সবুর খান, মি. নুরুল আমীন, প্রফেসর গোলাম আজম এবং মৌলানা ফরিদ আহমদ ছিলেন অন্যতম। কিন্তু বিপ্লবী ছাত্র নেতাদের কৌশলে জাতির জনকের আদর্শ সারা দেশে প্রচারের কারণে পাকিস্তানীদের ভিত দুর্বল পড়ে। যার প্রমাণ ১৯৭০ সালে জাতীয় নির্বাচনে তাদের ভরাডুবি। এরই ফলশ্রুতিতে ১৯৭১ সলে ২৬ শে মার্চ বঙ্গবন্ধুর ডাকে শুরু হয় মুক্তিযুদ্ধ। আর মুক্তিযুদ্ধ পরিচালনায় অংশগ্রহণ করে এসমস্ত মেধাবী ছাত্র নেতারা। যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ আর দু’লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বর্বর হানাদার বাহিনী আত্মসমর্পণ করে পরাজয় মেনে নিলে বাংলার পবিত্র মাটিতে পতপত করে উড়তে থাকে রক্তেঝরা স্বাধীন বাংলার পতাকা।
সেই সময় নেতৃত্বদানকারী পূর্ব বাংলা মুক্তিফ্রন্ট পরবর্তীতে নিউক্লিয়াস বা পূর্ব বাংলা বিপ্লবী পরিষদের অনেকেই আজ বেঁচে নেই। মুক্তিযুদ্ধে তাদের ঐতিহাসিক ভূমিকার কথা আজ বিলুপ্তির পথে। মুক্তিযোদ্ধাদের মরণপণ যুদ্ধের কারণেই পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান পূর্বাঞ্চলীয় কমান্ডার লে. জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজী, পূর্বাঞ্চলীয় সামরিক আইন প্রশাসক লে. জেনারেল সাহেবজাদা ইয়াকুব খান, পূর্ব পাকিস্তানের গভর্নর ভাইস অ্যাডমিরাল এস এম আহসান পরাজয়কে বরণ করে কাপুরুষের মতো আত্মসমর্পণ করতে বাধ্য হন।
লেখক: বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র আইনজীবী।

  • [১]