বিন্দু তালুকদার
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রলীগ নেতা। রাষ্ট্রের সর্Ÿোচ্চ আসনে থাকলে ভুলে যাননি একসময়ের সহযোদ্ধা ও নেতাদের। মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক জীবনে অনেককেই মনে রেখেছেন তিনি।
সুনামগঞ্জ আগমন উপলক্ষে সম্প্রতি বঙ্গভবনে সুনামগঞ্জের জেলা পর্যায়ে সকল কর্মকর্তা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বলার সময় তিনি জানতে চেয়েছেন সুনামগঞ্জ মহকুমা ছাত্রলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী ও ফেনিবিল গ্রামের মুক্তিযোদ্ধা জজ মিয়াসহ অনেকের কথা। সাবেক ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা জজ মিয়া ও আবু সুফিয়ান সাথে আলাপকালে রাষ্ট্রপতি সম্পর্কে জানা গেছে অনেক কথা।
সুনামগঞ্জ মহকুমা ছাত্রলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী বলেন,‘বর্তমান রাষ্ট্রপতির সাথে আমার পরিচয় মুক্তিযুদ্ধের সময়। মুক্তিযুদ্ধের পুরোটা সময় আমরা একসাথেই ছিলাম। উনাকে দেখতে রাগী মানুষ মনে হলেও ভেতর ও মনটা খুবই নরম। কথা-বার্তা ও আলাপ আলোচনা করেন খুবই মজাদার ও রসালো করে। মুক্তিযুদ্ধে যুবকদের অন্তর্ভুক্তি করার সময় উনার সাথে আমার বেশ কয়েকবার দেন দরবার হয়েছে। উনি প্রায়ই সুনামগঞ্জের ছেলেদের বেশী সুযোগ দেয়া হচ্ছে আর কিশোরগঞ্জের ছেলেদের অপেক্ষাকৃত কম সুযোগ দেয়া হচ্ছে এমন কথা বলতেন। এনিয়ে দেন দরবার হলেও তা ছিল সাময়িক ও ক্ষণস্থায়ী। ’
মুজিুবর রহমান চৌধুরী আরো বলেন,‘ রাষ্ট্রপতি ব্যক্তিগতভাবে একজন মহান ও আন্তরিক মানুষ। মানুষ জীবনে কিছু উন্নতি করার পরই সবাইকে ভুলে যান। কিন্তু মুক্তিযুদ্ধের পর থেকে
নিয়মিত তিনি যোগাযোগ রেখেছেন। জাতীয় সংসদের স্পীকার ও বর্তমানে রাষ্ট্রপতি হওয়ার পরও আমাকে ভুলে যাননি। নানাভাবে আমার ভাল মন্দের খোঁজ খবর নিয়েছেন, বেশ কয়েকবার ঢাকায় গিয়ে দেখা করার জন্য বলেছেন। বর্তমান সময়ের রাজনীতিতে উনার মত রাজনৈতিক ব্যক্তি পাওয়া বিরল। ’
সদর উপজেলার ফেনিবিল গ্রামের মুক্তিযোদ্ধা মো. লুৎফুর রহমান জজ মিয়া বলেন,‘মুক্তিযুদ্ধের সময় বালাট সেক্টরে আমি রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের সাথে ৫-৭ দিন ছিলাম। বয়স বাড়া ও অসুখের কারণে আমার সব কথা মনে নেই। তবে যুতুটুক মনে আছে তিনি একজন খুব বড় মনের ও সাদা মানুষ মানুষ। মুক্তিযুদ্ধের সময় সবার খোঁজ খবর নিতেন। উনাকে আমি মুক্তিযুদ্ধের আগ থেকেই চিনতাম ও জানতাম। উনি যখন কিশোরগঞ্জ মহকুমা ছাত্রলীগের সভাপতি তখন আমি ভৈরবের হাজী আছমত কলেজের নির্বাচিত কমনরুম সেক্রেটারী ছিলাম। ছাত্রলীগের মনোনয়ন নিয়ে আমি নির্বাচিত হয়েছিলাম। মুক্তিযুদ্ধের পরেও উনার সাথে যোগাযোগ ছিল। আমাকে বঙ্গবন্ধু ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাব চিনতেন। বঙ্গবন্ধু আমাকে পাগল বলে ডাকতেন। ’
মুক্তিযোদ্ধা জজ মিয়া আরো বলেন,‘ রাষ্ট্রপতি হামিদ সাব খুব ভাল মনের মানুষ ও একজন প্রকৃত জনদরদী নেতা। উনি সাধারণ একজন মানুষের নাম-ঠিকানা মনে রাখেন ও খোঁজ খবর নেন। শুনেছি গত কয়েকদিন আগে বঙ্গভবনে তিনি সুনামগঞ্জের লোকজনের কাছে আমার খোঁজ খবর নিয়েছেন। আমি শারিরিকভাবে কিছুটা অসুস্থ তারপরও আমি উনাকে দেখতে আসব। আশা করি শেষ দেখা করার সুযোগ দিবেন তিনি।’
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান বলেন,‘আমরা মুক্তিযুদ্ধ অংশগ্রহণের পর ভারতের বালাট থেকে ইকো ওয়ান ট্রেনিং সেন্টারে যাওয়ার সময় আমাদের বিদায় বেলা দেওয়ান ওবায়দুর রাজা চৌধুরী, বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদসহ আরো অনেকেই ছিলেন। সে সময় তিনি আমাদের বলেছিলেন দেশের মা বোনের ইজ্জত রক্ষা ও দেশমাতৃকাকে স্বাধীন করতে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি তাই ট্রেনিং গ্রহণের সময় দেশের কোন বদনাম করা যাবে না। এর পর উনার সাথে আর দেখা হয়নি। ’