বিজয় রায়, ছাতক
ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অসুস্থ আনোয়ার রহমান তোতা মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর মাধ্যমে ভারত সরকার কতৃর্ক প্রদেয় অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ লাইফ সাপোর্ট (আইসিইউ) এম্বুলেন্সটি মানুষের সেবায় যাত্রা শুরু করেছে।
শুক্রবার দুপুরে ছাতক হাসপাতাল থেকে মুমূর্ষ অবস্থায় তাকে সিলেট নিয়ে যেতে এ লাইফ সাপোর্ট (আইসিইউ) এম্বুলেন্সটি প্রথম ব্যবহার করা হয়। শুক্রবার সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ছাতকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা—জনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ এসময় তাকে লাইফ সাপোর্ট (আইসিইউ) এম্বুলেন্স দিয়ে সিলেট পাঠানো হয়। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয়ের মাসের শেষ দিয়ে ভারত সরকারের দেয়া এ এম্বুলেন্সটি সর্বপ্রথম একজন মূমুর্ষ বীর মুক্তিযোদ্ধার চিকিৎসা সেবায় ব্যবহৃত হওয়ায় বিষয়টি বেশ মুখোরোচক আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য গত ১১ ডিসেম্বর ছাতক হাসপাতালে ভারত সরকার কতৃর্ক প্রদেয় অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ লাইফ সাপোর্ট (আইসিইউ) এম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। ওইদিন সকালে হাসপাতাল প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ লাইফ সাপোর্ট (আইসিইউ) এম্বুলেন্সটির চাবি মুহিবুর রহমান মানিক এমপি’র কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার নিরাজ কুমার জায়সওয়াল।