- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই-জামালগঞ্জে দুই সদস্যের বিরুদ্ধে অভিযোগ

আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কমিটি থেকে মুজিবুর রহমান চৌধুরী ও সফর আলীকে বাদ দেওয়ার জন্য ৪৭ জন মুক্তিযোদ্ধা লিখিত আবেদন করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বরাবরে লিখিত অভিযোগটি দায়ের করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ৪৭ জন বীর মুক্তিযোদ্ধা। অভিযোগের অনুলিপি প্রদান করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব ও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারকে। বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, মিরাজ উদ্দিন, রফিকুল ইসলাম, রঞ্জিত কুমার পুরকায়স্থ, শ্রীকান্ত তালুকদার, শফিকুল ইসলাম,       আব্দুর রশীদ, নিতাই বণিক, মাখন লাল দাস, ভুপেশ রঞ্জন তালুকদার, পরেশ চন্দ্র নাথ, মাখন দাস, সোনাহর আলী, বিল্লাল মিয়া, ক্ষিতিশ চন্দ্র সরকার, ননী গোপাল, সুধীর পাল, কালি কুমার, কদম্ব বিজয় সামন্ত, কার্তিক চন্দ্র পাল, আ: হেকিম, মন্তাজ আলী, রঞ্জিত কুমার দাস, নীলকান্ত, হরেন্দ্র দাস, রইছ আলী, আলাউদ্দিন, মদরিছ আলী সহ ৪৭ জন মুক্তিযোদ্ধা লিখিত অভিযোগে উল্লেখ করেন, আমরা উপজেলার বীর মুক্তিযোদ্ধারা অত্যন্ত দু:খ নিয়ে জানাচ্ছি যে,উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিতে দুইজন বির্তকিত মুক্তিযোদ্ধাকে অর্ন্তভুক্ত করা হয়েছে।  সুষ্ঠুভাবে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের স্বার্থে উক্ত দুইজন ব্যক্তিকে বাদ দেওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে মো: মুজিবুর রহমান চৌধুরী বলেন,আমার বিষয়ে অভিযোগ ভিত্তিহীন। আমি কাউকে ভুয়া মুক্তিযোদ্ধা বানাইনি, অনেকে আমার কাছে সহযোগিতা চাইলে আমি তাদেরকে সহযোগিতা করেছি মাত্র।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এড: আসাদ উল্লাহ সরকার বলেন, জামালগঞ্জের সকল মুক্তিযোদ্ধারা মুজিবুর রহমান চৌধুরী ও সফর আলীর বিরুদ্ধে ক্ষেপে গিয়েছিলো, মুক্তিযোদ্ধাদের প্রতিবাদের কারণে তারা হলরুমের বাছাইয়ের কক্ষে প্রবেশ করতে পারেননি।
এ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রসূন কুমার চক্রবর্তী বলেন, ৪৭ জন মুক্তিযোদ্ধার কাছ থেকে কমিটির ২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি, যাচাই বাছাই কমিটি মন্ত্রণালয় থেকে করা হয়েছে, উপজেলা বা জেলা প্রশাসনের হাত নেই। বিষয়টি লিখিত ভাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অবহিত করা হবে।
এদিকে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামের মৃত ইসমাইলের ছেলে মো: আব্দুল করিম নামের এক মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য মুজিবুর রহমানের বিরুদ্ধে তার কাছ থেকে টাকা গ্রহণের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট পৃথক আরেকটি অভিযোগ দাখিল করেছেন।

  • [১]