- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের নামে ঘুষের খেলা’

সুু.খবর ডেস্ক
সারা দেশে মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের নামে ঘুষের খেলা হচ্ছে বলে অভিযোগ করেছে খেতাবপ্রাপ্ত, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড নামে একটি সংগঠন। এই যাচাই বাছাইকে ‘মহা প্রহসন’ আখ্যা দিয়ে অবিলম্বে এই যাচাই বাছাই বন্ধ করার দাবি জানিয়েছে। বুধবার জাতীয় প্রেসক্লাবে সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সংগঠনটির মহাসচিব আনোয়ার হোসেন পাহাড়ী বলেন, যাচাই বাছাই বন্ধে উচ্চ আদালতে দেড়শ থেকে ১৬০টি আবেদন করা মামলা হয়েছে। তবু তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
মুক্তিযোদ্ধা তালিকায় অমুক্তিযোদ্ধাদের নাম উঠেছে এমন অনেক অভিযোগ পাওয়ার পর সরকার মুক্তিযোদ্ধার তালিকা যাচাই-বাছাইয়ের উদ্যোগ নিয়েছে। গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই যাচাই বাছাই। প্রথমে নতুন করে তালিকাভুক্ত হওয়ার আবেদন নিয়ে কাজ করছে কমিটি।
আনোয়ার হোসেন পাহাড়ী বলেন, মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ে কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। যাচাই বাছাইয়ে যাদের সর্বজন স্বীকৃত মুক্তিবার্তা লাল বই, প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরিত সনদ, সশস্ত্র বাহিনী, বিজিবি, পুলিশ, আনসার বাহিনীর গেজেট ও ভারতীয় তালিকায় নাম আছে এমন মুক্তিযোদ্ধাদেরও হয়রানি করা হচ্ছে।
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের খেতাবের টাকা বন্ধ আছে অভিযোগ করে সংগঠনের মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সম্মানীভাতা দিয়ে মুক্তিযোদ্ধাদের আর্থিক স্বচ্ছলতা এনে দিয়েছেন। কিন্তু ২০১৬ সালে সাবেক সচিব আব্দুল হান্নান প্রণীত ও স্বাক্ষরিত নীতিমালায় যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ একটি ভাতা নিতে বলা হয়েছে, এতে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের খেতাবের ভাতা বন্ধ হয়েছে।
আনোয়ার হোসেন বলেন, ‘কোন যুদ্ধাহত বা শহীদ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ করলেই তিনি অভিযুক্ত হন না। সরেজমিনে যথাযথয় প্রক্রিয়া তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলেই কেবল ভাতা বন্ধ করা যাবে।’ তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্ত্বেও রাজধানীর কলেজ গেইট এলাকায় ১নং মুক্তিযোদ্ধা টাওয়ার থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে মন্ত্রণালয় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খেতাবপ্রাপ্ত, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান মাহমুদ পারভেজ জুয়েল।

  • [১]