- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মুক্তিযোদ্ধা রজব আলীর আক্ষেপ

আকরাম উদ্দিন
দেশ মাতৃকার টানে যুদ্ধ করেন রজব আলী। স্বাধীনতা দিবসে এখনও তাঁর চোখে ভেসে ওঠে স্মরণীয় সেইসব দিনগুলির কথা। এসব ঐতিহাসিক দিনের অনুষ্ঠানে যোগদান করতে না পেরে বিছানায় কাঁতরাতে হয় তাঁকে। অসুস্থ শরীর নিয়ে এখন হাঁটতে পারেন না তিনি। আনন্দ আর বেদনার দিনে শুধু একা একা নিরবে নিভৃতে থাকেন। সহযোদ্ধাদের কথা মনে পড়লেই নিরবে কাঁদেন তিনি। মুক্তিযুদ্ধে কত সহযোদ্ধাদের হারিয়েছেন সেই সব স্মৃতি এখনও তাঁকে তাড়িত করে। স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠানে প্রাণচঞ্চল উপস্থিতি ছিল যাঁর তিনি হলেন মুক্তিযোদ্ধা রজব আলী। দীর্ঘদিন তিনি জেলা মুক্তিযোদ্ধা সংসদের তথ্য ও প্রচার কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন। সে সময় বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব পালন করতেন তিনি।
৭০ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা রজব আলীর বাড়ি শহরতলীর গ্রাম ইব্রাহীমপুর গ্রামে। তিনি এখন অসুস্থ। বিগত ৪ বছর আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে বাড়িতে শয্যাশায়ী হয়েছেন। চিকিৎসা চলছে নিজের টাকায়। বৃহস্পতিবার ২টায় তাঁর বাড়িতে দেখা করেন এই প্রতিবেদক। পূর্ব পরিচিত এবং হঠাৎ উপস্থিত হওয়ায় অবাক হয়ে যান রজব আলী। তখন অত্যন্ত আনন্দ বোধ করেন তিনি। বিছানায় শুয়ে থাকা রজব আলী কষ্ট করে হলেও উঠে বসলেন। দীর্ঘদিন পর দেখা হওয়ায় মোসাফা করেন এবং কুশল বিনিময় করলেন। বেশ আলাপের পর ধীরে ধীরে এই স্বাধীনতার মাস অর্জনে মুক্তিযুদ্ধের নানা স্মৃতিকথা তুলে ধরেন রজব আলী। এক পর্যায়ে প্রাণ খুলে বললেন মুক্তিযুদ্ধের কিছু ঘটনাবলীর কথা। জানালেন বিভিন্ন সময়ের সাহসি পদক্ষেপের কথাও।
মুক্তিযোদ্ধা রজব আলী ভারতের ইকো-ওয়ান এ প্রশিক্ষণ নিয়ে প্রথমেই তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাটে মেজর মুসলিম উদ্দিনের অধীনে থেকে বিভিন্ন স্থানে যুদ্ধ করেন তিনি। পরে জামালগঞ্জ উপজেলা এবং নেত্রকোনার ইটনায় যুদ্ধ করেন। এরপর বালাটে ফিরে এসে মেজর মোতাল্লিবের অধীনে থেকে যুদ্ধ করেন তিনি। সুরমা নদীর উত্তরপাড়ে কৃষ্ণনগর, সৈয়দপুর, বেরীগাঁও ইত্যাদি এলাকায় অবস্থান করে যুদ্ধ করেছেন তিনি। প্রশিক্ষণ গ্রহণের পর থেকে দীর্ঘ ৮ মাস যাবত দেশ মাতৃকার টানে রাতের ঘুম, খাবার, আরাম আয়েশ সব ত্যাগ করে যুদ্ধ করেছেন। এই সময়কালে তাঁর সহযোদ্ধা ছিলেন ব্রজগোপাল, মুজাহিদ আলীসহ আরও অনেকে। যুদ্ধের ঘটনা বলতে গিয়ে রজব আলী জানান, একবার শীতের মাঝামাঝি সময়ে সৈয়দপুর গ্রামে ও নলুয়া গ্রামে যুদ্ধ শুরু হয়। সৈয়দপুর গ্রামে অবস্থানরত পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে নলুয়া গ্রামে অবস্থানরত আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধ শুরু করি। এই সময় মেশিন গানের শব্দে সারা এলাকা প্রকম্পিত হয়ে উঠে। চারিদিকে হৈচৈ ও গোলাগুলির শব্দ। সপ্তাহব্যাপি এই যুদ্ধে অনেকেই আহত হন। যুদ্ধে মারাও যান দুইজন। ইপিআর মদন হাওলাদার অপরজন রহিমবক্স। এমন সব স্মৃতিকথা এখনও মনে পড়ে বার বার। আজ আমি স্বাধীনতার কোনো অনুষ্ঠানে যেতে পারি না। হাঁটতে পারি না। মনে মনে কাঁদতে ইচ্ছে হয়।  এখন সংসারে আমার এক মেয়ে শিক্ষিত। আমার মেয়ে একটি শিক্ষিকার চাকুরির জন্য বার বার চেষ্টা করছে। কিন্তু পারছে না। আমার মেয়ের চাকুরির জন্য চেষ্টা করার কেউ নেই। তার একটি চাকুরির ব্যবস্থা হয়ে গেলে আমি দায় মুক্ত হই। আমার চলে যাবার আগে আমি দেখে যেতে চাই, আমার মেয়ের চাকুরি হয়েছে। এ ছাড়া আমার কিছুই চাওয়ার নেই।

  • [১]