স্টাফ রিপোর্টার
মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতৃত্ব নিয়ে অচলাবস্থা নিরসনে অবশেষে প্রশাসক নিয়োগ করেছে সরকার। গত ৮ জুন সংসদের বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হলেও মামলার কারণে তারা দায়িত্ব পালন অব্যাহত রাখায় অচলাবস্থা দেখা দেয়।
এ প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে কেন্দ্রীয়, জেলা ও মহানগর এবং উপজেলা সংসদ কমান্ড পরিচালনার জন্য পৃথক প্রশাসক নিয়োগ করা হয়েছে। সোমবার মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত তিনটি পৃথক অফিস আদেশ জারি করা হয়।
মন্ত্রণালয়ের আদেশ অনুসারে, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কার্যক্রম পরিচালনার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দিলীপ কুমার বণিককে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা ও মহানগরের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক এবং উপজেলা সংসদ কমান্ড পরিচালনায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল বুধবার থেকে সংশ্লিষ্টরা দায়িত্বভার গ্রহণ করার কথা। তবে সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের দায়িত্বভার গ্রহণ করেননি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।
সূত্র আরও জানায়, মুক্তিযোদ্ধা সংসদের কার্যনির্বাহী কমিটির মেয়াদ তিন বছর। কিন্তু এই মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস আগে সংসদের গঠনতন্ত্র সংশোধন করে কমিটির মেয়াদ ৫ বছর করার প্রস্তাব চূড়ান্ত করা হয়। বিষয়টি অনুমোদনের জন্য পরে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) পাঠায় কেন্দ্রীয় কমান্ড। কিন্তু এ বিষয়ে প্রশ্ন তোলেন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধারা। বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিটও করেন কয়েকজন মুক্তিযোদ্ধা। অন্যদিকে কমিটির মেয়াদ ৫ বছর করার জন্য একটি প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠায় বর্তমান কমিটি। প্রধানমন্ত্রী সংগঠনের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক।
তবে বিষয়টি নিয়ে মুক্তিযোদ্ধাদের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে গত ১২ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ প্রশাসক নিয়োগের আদেশ দেন। এরই ধারাবাহিকতায় মন্ত্রণালয় থেকে প্রশাসক নিয়োগের আদেশ জারি করা হয়। দেশে বর্তমানে মুক্তিযোদ্ধা সংসদের একটি কেন্দ্রীয় কমান্ড, ৭টি মহানগর কমান্ড, ৬৪টি জেলা ও ৪৭০টি উপজেলা কমান্ড কাউন্সিল রয়েছে।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী বলেন,‘ গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের আদেশের কপি আমরা হাতে পেয়েছি। মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাথে কথা বলে খুব তাড়াতাড়ি দায়িত্ব গ্রহণ করব।’
এ প্রসঙ্গে সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল মোমেন বলেন,‘ আমাদের মেয়াদ শেষ এখন নির্বাচন হবে এবং নতুন কমান্ড গঠন করা হবে। তবে জেলা কমান্ডের হিসাব-নিকাশ সম্পন্ন করতে আমরা জেলা প্রশাসকের কাছে অডিটের জন্য আবেদন করেছি। অডিটের পর পরই আমরা জেলা প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করব।’
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন,‘ মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্ব আমাদের উপর বর্তায়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের দায়িত্ব আমরা গ্রহণ করব। ’
এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জাতীয় গণমাধ্যমকে বলেন, মুক্তিযোদ্ধা সংসদ একটি স্বতন্ত্র সংগঠন। নির্বাচন নিয়ে সংসদ পরিচালনায় যে সংকট তৈরি হয়েছিল, প্রশাসক নিয়োগের মাধ্যমে তা থাকবে না বলে মন্তব্য করেন তিনি।