আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জ উপজেলাকে আনুষ্ঠানিকভাবে বাল্য বিবাহমুক্ত ঘোষণার আগের দিন রাতেই বাল্য বিবাহের খবর পাওয়া গেছে।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম মঙ্গলবার সকালে জামালগঞ্জে যে মঞ্চে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করেন ওই মঞ্চেই জনৈক কাজী শরফুল বাশার জোর গলায় দাবি করেছেন সকল কাজীদের পক্ষে তিনি বাল্য বিবাহকে রোধ করবেন। তিনি এসব প্রশ্রয় দেন না বা বাল্য বিবাহ পড়ান না। এই বক্তব্যের পর পরই খবর পাওয়া গেছে কয়েক ঘণ্টা আগেই তিনি জন্ম নিবন্ধন ছাড়া একটি বাল্য বিয়ে পড়িয়েছেন। অবশ্য কাজী শরফুল বাশার অস্বীকার করে বলেছেন, আমি নই আমার সহকারী পড়িয়ে থাকতে পারে।
ঘটনাটি জামালগঞ্জ সদর ইউনিয়নে। বরের বাড়ী স্থানীয় চানপুর ও মেয়ের বাড়ী কামিনীপুরে। বর চানপুর গ্রামের আ. হক মিয়ার ছেলে আসাব উদ্দিন কনে কামিনীপুরের চেরাগ আলীর মেয়ে মাজেদা বেগম। এই বিয়ে পড়ানোকে কেন্দ্র করে স্থানীয়রা গণ্যমান্য কয়েক জন মেয়ের বাবাকে বিয়ে না দিতে বারণ করাকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও তর্ক বির্তকও হয়েছে। সোমবার রাতে চানপুর থেকে বর সেজে কামিনীপুরে মেয়ের বাড়ীতে গেলে আনুষ্ঠানিকভাবে প্রথমে জামালগঞ্জ সদরের নিকাহ রেজিস্ট্রার কাজী শরফুল বাশারের নির্দেশে তাঁর সহকারী কাজী রশীদ আহমদ কাবিননামা সম্পাদন ও কামিনীপুরের ইমাম সাহেব বিয়ে পড়ান।
স্থানীয় কামিনীপুরের সমাজসেবক জাকির হোসেন জানান, ছেলে মেয়ে দুজনের বয়স নিয়ে আমাদের আপত্তি থাকলেও কাজী সাহেব বিয়েটা পড়িয়েছেন।
বাল্য বিয়ের বিষয়টি জানা জানি হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকাহ রেজিস্ট্রার ও সদর ইউনিয়ন পরিষদের সচিবকে তলব করে বিষয়টি জানতে চেয়েছেন ও উভয় পরিবারের অভিভাবককে ডেকে পাঠান।
জন্ম নিবন্ধন ছাড়া বাল্য বিয়ের ব্যাপারে জামালগঞ্জের নিকাহ রেজিস্ট্রার কাজী শরফুল বাশার বলেন, ‘আমি নই, আমার সহকারী কাজী রশীদ আহমদ কামিনীপুরে গিয়েছিলো পরে কাবিন না করে চলে এসেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বলেন, ‘আমি বিষয়টি যাচাই বাছাই করছি। এ ধরনের কাজ হয়ে থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা যায়, গত কদিন আগে ওই ছেলে ও মেয়ে উভয় পরিবারের কাউকে না জানিয়ে পালিয়ে যায়। পরে উভয় পরিবারের লোকজনের সমঝোতা ও বিয়ের সিদ্ধান্ত নিলে তারা বাড়ি ফিরে আসে।