- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মুছলেকায় মুক্তি পেয়ে মাটি ভরাট করল আটককৃতরা

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে হযরত শাহ আরেফিন (রহ.) মোকাম প্রাঙ্গণের মাটি কেটে নেয়ার অভিযোগে গত রবিবার সন্ধ্যায় দুই জনকে আটক করে পুলিশ। আটককৃতদের থানায় মুছলেকা দেয়ার মাধ্যমে ছেড়ে দেয়া হয়। সোমবার সকালে মোকাম প্রাঙ্গণের মাটি ভরাট করে আটককৃতরা।
এক্সেভেটর মেশিন দিয়ে পুনরায় মাটি ভরাটের সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ উত্তর সুরমা উন্নয়ন পরিষদের
আহ্বায়ক মো. আব্দুর রব, মোকাম পরিচালনা কমিটির সভাপতি (অব.) সার্জেন্ট বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, স্থানীয় ইউপি সদস্য হোসেন আলী প্রমুখ।
স্থানীয়রা জানান, রবিবার বিকালে কান্দিগাঁও গ্রামের বাসিন্দা হানিছুর রহমান ওরফে হায়দার ও তার পিতা কাছই মিয়া বাড়ির পাশে হযরত শাহ আরেফিন (রহ.) মোকাম প্রাঙ্গণের সীমানা প্রাচীরের ভেতরে ঢুকে এক্সেভেটর মেশিন দিয়ে বিশাল গর্ত করে মাটি উত্তোলন করতে শুরু করে। এতে স্থানীয়রা বাধা দেন। কিন্তু কারো কথা শুনেনি তারা। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মোকাম কর্র্তৃপক্ষ পুলিশের কাছে মৌখিক অভিযোগ করেন। পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পিতা ও ছেলেকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে রাতে জীবনে এমন কাজ থেকে বিরত থাকবে বলে লিখিত মুছলেকা দেয় আটককৃতরা। পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
অভিযুক্ত ব্যক্তি কাছই মিয়া বলেন, আমার বাড়ির পাশে হযরত শাহ আরেফিন (রহ.) মোকামের সীমানা প্রাচীর। আমার বেখেয়ালে মোকামের সীমানা প্রাচীরের ভেতরে গিয়ে এক্সেভেটর দিয়ে মাটি তোলা হয়েছে। আর কোনো দিন এমন ঘটনা ঘটবে না।
মোকাম পরিচালনা কমিটির সভাপতি (অব.) সার্জেন্ট বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বলেন, থানায় মুছলেকা দিয়ে ছুটে আসার পর পরদিন সোমবার সকালে পুনরায় মাটি ভরাট করে দিয়েছে।
এসআই জাহাঙ্গীর আলম বলেন, হযরত শাহ আরেফিন (রহ.) মোকামের মাটি কাটার ঘটনায় আটককৃত দুই জনকে পুনরায় মাটি ভরাট করে দেয়ার শর্তে মুছলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে। শুনেছি সোমবার সকালে গর্তে মাটি ভরাট করে দিয়েছে তারা।

  • [১]