- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মুজিব বর্ষে সুনামগঞ্জ পৌরসভা মুক্তিযোদ্ধাদের দেবে সম্মানী

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর এলাকার মুক্তিযোদ্ধারা পৌরসভার পক্ষ থেকেও সম্মানী ভাতা পাবেন। মুজিব বর্ষ শুরুর দিন থেকেই এই সম্মানী পাবেন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধারা। বুধবার মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত সভায় পৌরসভার মেয়র নাদের বখ্ত এ কথা জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ’এর সভাপতিত্বে মুজিব বর্ষ পালন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পৌর মেয়র নাদের বখ্ত বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমার দুই ভাইও মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। আমার বড় ভাই সাবেক পৌর মেয়র মরহুম আয়ুব বখ্ত জগলুল পৌর এলাকার মুক্তিযোদ্ধাদের পৌর ট্যাক্স ও পানির বিল ফ্রি করে দিয়েছিলেন। আমি জাতিরজনক বঙ্গবন্ধু’র জন্ম দিন ১৭ মার্চ থেকে পৌরসভায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের প্রতীকী সম্মানী দিয়ে সম্মান করতে চাই।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক হারুনুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চান মিয়া, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাংবাদিক আইনজীবী আইনুল ইসলাম বাবলু, আওয়ামী লীগ নেতা আবুল কালাম প্রমুখ।
সভায় মুজিব বর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের নেওয়া বিভিন্ন কর্মসূচী জানানো হয়। ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধু’র ম্যুরাল নির্মাণের বিষয়টিও এসময় জানানো হয়।

  • [১]