স্টাফ রিপোর্টার
পরিবহন সেবার মূল্য তালিকা না থাকা, জুতা ও কাপড়ের দোকানে পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য লিখে রাখায় সুনামগঞ্জ পৌর শহরের চার প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্টেশন এবং প্রিয়াঙ্গন মার্কেটে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।
সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিবহন সেবায় মূল্য তালিকা না থাকায় মামুন এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা এবং শ্যামলী পরিবহনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জুতার দামে ট্যাম্পারিং করায় বাটা’কে ১০ হাজার টাকা এবং ৯০০ টাকা কাপড়ের দাম ২৯০০ টাকা রাখায় নোঙ্গর কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান কালে র্যাব-৯ এর সদস্যবৃন্দ এবং ক্যাবের সুনামগঞ্জ জেলা সেক্রেটারী আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়।